অস্থিরতা দূর করে বাচ্চাদের পাঠাভ্যাসে ফিরিয়ে আনার আহ্বান বিদ্যুৎ প্রতিমন্ত্রীর

সামাজিক অস্থিরতা নিরসন ও শিক্ষার্থীদের ইতিবাচক মানসিক বিকাশে শিশুদের পুনরায় বই পাঠে ফিরিয়ে আনার আহ্বান জানিয়েছেন বিদ্যুৎ, জ্বালানি ও খনিজসম্পদ প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিত। তিনি উল্লেখ করেন, বর্তমান প্রজন্ম অতিরিক্ত মাত্রায় ডিজিটাল ডিভাইসনির্ভর হয়ে পড়ায় সমাজে নানা ধরনের অস্থিরতা ও মনোযোগের অভাব তৈরি হচ্ছে।
শনিবার (১৫ আগস্ট) সকালে যশোর ইনস্টিটিউট পাবলিক লাইব্রেরি মিলনায়তনে আয়োজিত এক অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। জেলা প্রশাসন যশোর, বিশ্বসাহিত্য কেন্দ্র এবং যশোর ইনস্টিটিউটের যৌথ উদ্যোগে পরিচালিত পাঁচ দিনব্যাপী ভ্রাম্যমাণ বইমেলার আনুষ্ঠানিক উদ্বোধন উপলক্ষে এই আলোচনা সভার আয়োজন করা হয়।
প্রতিমন্ত্রী বলেন, ঐতিহ্যবাহী যশোর ইনস্টিটিউটে প্রধানমন্ত্রী তারেক রহমান ও পরবর্তীতে সংস্কৃতিমন্ত্রীর পরিদর্শনের মাধ্যমে এই ঐতিহ্যবাহী প্রতিষ্ঠানে নতুন প্রাণের সঞ্চার হয়েছে। ইতোমধ্যে সরকার ইনস্টিটিউটের সার্বিক উন্নয়নে ৫০ লাখ টাকা আর্থিক অনুদান দিয়েছে। বক্তব্যে তিনি ইনস্টিটিউটের মাঠ ও ঐতিহাসিক ঘূর্ণায়মান মঞ্চ সংস্কার এবং টাউন ক্লাবের আধুনিকায়নে সরকারের তরফ থেকে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়ারও ঘোষণা দেন।
অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) সুজন সরকারের সভাপতিত্বে অনুষ্ঠিত এই উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা বিএনপির সাধারণ সম্পাদক দেলোয়ার হোসেন খোকন, সাংগঠনিক সম্পাদক প্রকৌশলী রবিউল ইসলাম এবং যশোর ইনস্টিটিউটের সাধারণ সম্পাদক এ জেড এম সালেকসহ স্থানীয় প্রশাসনিক ও রাজনৈতিক ব্যক্তিবর্গ।