↩ নিউজ
প্রিন্ট এর তারিখঃ ১৬ আগস্ট ২০২৬, ৪:০৯ পি.এম || প্রকাশের তারিখঃ ১৫ আগস্ট ২০২৬, ১০:৫৭ পি.এম

খালেদা জিয়ার আপসহীন নেতৃত্বেই দেশে গণতন্ত্র ফিরে এসেছে: আমান উল্লাহ আমান

✍️ প্রতিবেদক: দীপ্ত বাংলাদেশ নিউজ ডেস্ক

বিএনপির সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার আপসহীন নেতৃত্ব এবং দীর্ঘ আন্দোলন-সংগ্রামের মধ্য দিয়েই বাংলাদেশ বারবার হারিয়ে যাওয়া গণতন্ত্র ফিরে পেয়েছে বলে মন্তব্য করেছেন দলটির স্থায়ী কমিটির সদস্য ও ঢাকা-২ আসনের সংসদ সদস্য আমান উল্লাহ আমান।

শনিবার (১৫ আগস্ট) বিকালে কেরানীগঞ্জ মডেল থানা বিএনপির প্রধান কার্যালয়ে খালেদা জিয়ার বিদেহী আত্মার মাগফিরাত কামনায় আয়োজিত মিলাদ ও দোয়া মাহফিলে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

আমান উল্লাহ আমান বলেন, খালেদা জিয়া ছিলেন একজন অকুতোভয় গণতান্ত্রিক নেতা। তিনি সারাজীবন দেশের মানুষের অধিকার প্রতিষ্ঠা ও সার্বভৌমত্ব সুরক্ষায় উৎসর্গ করেছেন। অন্যায়ের সঙ্গে আপস না করে এবং প্রতিকূলতার মধ্যেও দলকে সংগঠিত রেখে বিএনপিকে তিনি একটি গণতান্ত্রিক শক্তিশালী গণদলে রূপান্তর করেছেন। দেশের রাজনৈতিক ইতিহাসে তাঁর এই অবদান চিরস্মরণীয় হয়ে থাকবে।

বিগত আওয়ামী লীগ সরকারের কঠোর সমালোচনা করে বিএনপির এই জ্যেষ্ঠ নেতা বলেন, বিগত ১৭ বছর বিরোধী নেতাকর্মীদের ওপর জেল-জুলুম, গুম, খুন ও নির্যাতন চালিয়ে ক্ষমতা আঁকড়ে রাখার চেষ্টা করা হয়েছিল। তবে ছাত্র-জনতার ঐক্যবদ্ধ আন্দোলনের মুখে স্বৈরাচারের পতন ঘটেছে। তিনি স্পষ্ট জানান, ফ্যাসিবাদের আর কোনো স্থান এ দেশের মাটিতে হবে না।

দলীয় নেতাকর্মীদের কঠোর সতর্কবার্তা দিয়ে আমান উল্লাহ আমান বলেন, বিএনপির নাম ভাঙিয়ে কেউ মাদক কারবার, চাঁদাবাজি কিংবা ভূমিদখলের মতো অপরাধমূলক কর্মকাণ্ডে জড়ালে তাকে কঠোর শাস্তির মুখোমুখি হতে হবে এবং দলে কোনো স্থান দেওয়া হবে না।

কেরানীগঞ্জ মডেল থানা বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি শামীম হাসানের সভাপতিত্বে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সাধারণ সম্পাদক হাসমত উল্লাহ নবী, সিনিয়র যুগ্ম সম্পাদক মনিরুল হক মনির, যুবদলের আহ্বায়ক মো. আসাদুজ্জামান রিপন, স্বেচ্ছাসেবক দলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক ওয়ালী উল্লাহ সেলিমসহ অঙ্গ-সংগঠনের বিপুলসংখ্যক নেতাকর্মী। আলোচনা শেষে খালেদা জিয়ার রূহের মাগফিরাত এবং দেশ ও জাতির কল্যাণ কামনায় বিশেষ মোনাজাত পরিচালনা করা হয়।