খুলনার রূপসায় যুবককে কুপিয়ে হত্যা, এলাকায় আতঙ্ক

খুলনার রূপসা উপজেলার আইচগাতী ইউনিয়নের দুর্জনি মহল শহীদের মোড় এলাকায় জয় ঢালি নামে এক যুবককে ধারালো অস্ত্র দিয়ে এলোপাতাড়ি কুপিয়ে হত্যা করা হয়েছে।
শনিবার (১৫ আগস্ট) রাত সাড়ে ৯টার দিকে এ নৃশংস হত্যাকাণ্ডের ঘটনা ঘটে। স্থানীয় সূত্রে জানা যায়, অজ্ঞাত দুর্বৃত্তরা জয় ঢালিকে লক্ষ্য করে ধারালো অস্ত্র দিয়ে এলোপাতাড়ি কোপাতে থাকে। পরবর্তীতে তার শরীরের বিভিন্ন স্থান, বিশেষ করে গলা ও পায়ে একাধিক গভীর ক্ষতচিহ্ন দেখা যায়। হত্যাকাণ্ডের পর থেকে গোটা এলাকায় তীব্র আতঙ্ক ছড়িয়ে পড়েছে।
তবে তাৎক্ষণিকভাবে কী কারণে বা কারা এই হত্যাকাণ্ড ঘটিয়েছে, সে বিষয়ে সুনির্দিষ্ট কোনো তথ্য পাওয়া যায়নি।
ঘটনার সত্যতা নিশ্চিত করে রূপসা থানার অফিসার ইনচার্জ (ওসি) আবদুর রাজ্জাক মীর মুঠোফোনে জানান, খবর পেয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থলের উদ্দেশ্যে রওনা হয়। তিনি জানান, ঘটনাস্থলে পৌঁছে তদন্ত শুরু হলে হত্যাকাণ্ডের প্রকৃত কারণ, ঘটনায় জড়িতদের শনাক্তকরণসহ অন্যান্য বিস্তারিত জানা সম্ভব হবে।