৪০ কোটি হাতকে কর্মীর হাতে রূপান্তর করতে হবে: প্রধানমন্ত্রী তারেক রহমান

বাংলাদেশের মানুষ তাদের নিজেদের ভাগ্যের প্রকৃত পরিবর্তন এবং প্রিয় মাতৃভূমিকে বিশ্বের দরবারে এগিয়ে যেতে দেখতে চায় বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান। তবে এ লক্ষ্য অর্জনে দেশের ২০ কোটি মানুষের ৪০ কোটি হাতকে দক্ষ কর্মী ও শ্রমিকের হাতে রূপান্তর করা অপরিহার্য বলে তিনি উল্লেখ করেন।
শনিবার (১৫ আগস্ট) রাজধানীর মহাখালীর টিঅ্যান্ডটি মাঠে সাবেক প্রধানমন্ত্রী প্রয়াত বেগম খালেদা জিয়ার ৮২তম জন্মবার্ষিকী উপলক্ষে আয়োজিত এক বিশেষ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। অনুষ্ঠানটিতে দুস্থ, অসহায় ও অসুস্থ মানুষের মধ্যে আর্থিক অনুদানের চেক বিতরণ করা হয় এবং বেগম খালেদা জিয়ার রূহের মাগফিরাত কামনা করে দোয়া অনুষ্ঠিত হয়।
প্রধানমন্ত্রী তাঁর বক্তব্যে বলেন, দেশে চলমান বিদ্যুৎ ও গ্যাস সংকট নিরসনে সরকারের চেয়ে কোনো রাজনৈতিক দলের কাছে আরও ভালো পরিকল্পনা থাকলে তা সানন্দে গ্রহণ ও বাস্তবায়ন করা হবে। তবে সমাধানের পরিবর্তে অপপ্রচার চালিয়ে জনগণকে বিভ্রান্ত করার চেষ্টা করা হলে সংশ্লিষ্টদের জনগণের কাছে জবাবদিহি ও ক্ষমা চাইতে হবে। বিভ্রান্তির রাজনীতি না ছড়িয়ে জনগণকে সঠিক পথ দেখানোই রাজনীতিকের আসল দায়িত্ব।
দেশে অরাজকতা ও ধ্বংসাত্মক রাজনীতির অধ্যায় শেষ হয়েছে উল্লেখ করে তারেক রহমান বলেন, স্বৈরাচারী শাসনের সঙ্গে যুদ্ধ করে দলের নেতাকর্মীরা রাজপথে টিকে ছিলেন। তিনি হঠকারী ও উসকানিমূলক রাজনীতি পরিহার করে মানুষের কল্যাণে কার্যকর প্রস্তাব সংসদের মাধ্যমে জনগণের সামনে তুলে ধরার পরামর্শ দেন।
ঢাকা-১৭ আসনের প্রতিনিধিদের উন্নয়নকাজের উদাহরণ টেনে সরকারপ্রধান জানান, যেকোনো বাস্তবভিত্তিক কাজ সম্পাদন করা কঠিন কিন্তু সমালোচনা করা সহজ। তাই সমালোচনাকারীদের মাঠপর্যায়ে নেমে সাধারণ মানুষ ও দেশের কল্যাণে কাজ করার আহ্বান জানান তিনি।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন প্রধানমন্ত্রীর সহকারী একান্ত সচিব-২ এবং ঢাকা-১৭ আসনের প্রতিনিধি আবদুর রহমান সানী। এ সময় স্থানীয় নেতাকর্মী ও সরকারের পদস্থ কর্মকর্তারা উপস্থিত ছিলেন।