↩ নিউজ
প্রিন্ট এর তারিখঃ ১৭ আগস্ট ২০২৬, ৭:১৪ পি.এম || প্রকাশের তারিখঃ ১৬ আগস্ট ২০২৬, ৪:২৭ পি.এম

নারীদের অনার্স পর্যন্ত শিক্ষা বিনামূল্যে করার ঘোষণা প্রধানমন্ত্রীর

✍️ প্রতিবেদক: দীপ্ত বাংলাদেশ নিউজ ডেস্ক

দেশের নারী সমাজকে এগিয়ে নিতে এবং শিক্ষার সুযোগ আরও বিস্তৃত করতে অনার্স পর্যন্ত নারীদের শিক্ষা সম্পূর্ণ বিনামূল্যে করার সিদ্ধান্ত নিয়েছে সরকার। এই সিদ্ধান্তের ফলে শিক্ষার্থীদের যাবতীয় শিক্ষার খরচ সরকার নিজেই বহন করবে। পাশাপাশি মেধা ও ভালো ফলাফলের ভিত্তিতে নারী শিক্ষার্থীদের জন্য বিশেষ বৃত্তির ব্যবস্থাও চালু করা হবে।

রোববার (১৬ আগস্ট) দুপুরে কিশোরগঞ্জের পাকুন্দিয়া উপজেলার মির্জাপুর চেয়ারম্যান বাড়িঘাট এলাকায় ‘জাতীয় মৎস্য পক্ষ-২০২৬’ উপলক্ষে পুরাতন ব্রহ্মপুত্র নদে মাছের পোনা অবমুক্তকরণ, স্থানীয় জেলেদের মধ্যে পোনা বিতরণ ও জনগণের সঙ্গে শুভেচ্ছা বিনিময়কালে প্রধানমন্ত্রী তারেক রহমান এসব কথা বলেন।

বেগম খালেদা জিয়ার শিক্ষা উদ্যোগের কথা স্মরণ করিয়ে দিয়ে প্রধানমন্ত্রী উল্লেখ করেন, অতীতে ইন্টারমিডিয়েট পর্যন্ত নারীদের শিক্ষা ফ্রি করা হয়েছিল। দেশের মোট জনসংখ্যার অর্ধেক নারী সমাজকে পেছনে রেখে দেশের সার্বিক অগ্রগতি সম্ভব নয় বলেই বর্তমান সরকার অনার্স পর্যন্ত নারীদের পড়ালেখা সম্পূর্ণ ফ্রি করার পদক্ষেপ নিয়েছে। এ সময় তিনি তরুণ নারী শিক্ষার্থীদের মনোযোগ দিয়ে পড়ালেখা করে দেশের ভবিষ্যৎ নেতৃত্ব ধারণ করার আহ্বান জানান।

প্রাথমিক শিক্ষার উন্নয়ন প্রসঙ্গে প্রধানমন্ত্রী জানান, গ্রামগঞ্জের সুবিধাবঞ্চিত প্রায় ১ কোটি ২০ লাখ শিশুর মাঝে প্রতি বছর নতুন বইয়ের পাশাপাশি সরকার বিনামূল্যে নতুন স্কুল ড্রেস ও ব্যাগ বিতরণ করবে।

অন্যদিকে, নারীদের অর্থনৈতিকভাবে স্বাবলম্বী করার প্রতিশ্রুতি পুনর্ব্যক্ত করে সরকারপ্রধান বলেন, দেশের চার কোটি পরিবারে যেসব নারী সংসার পরিচালনা করেন, তাদের জন্য পর্যায়ক্রমে ‘ফ্যামিলি কার্ড’ বিতরণ শুরু হয়েছে। আগামী পাঁচ বছরের মধ্যে দেশের প্রতিটি ঘরে এই কার্ড পৌঁছে দেওয়া হবে বলে তিনি আশা প্রকাশ করেন।