স্টার্টআপ খাতে ‘ফান্ড অব ফান্ডস’ উদ্বোধন, ৪০০ কোটি টাকার তহবিলের ঘোষণা তথ্যপ্রযুক্তিমন্ত্রীর

দেশে মেধাবী উদ্যোক্তা ও উদ্ভাবনী ধারণার কোনো অভাব নেই উল্লেখ করে ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তিমন্ত্রী ফকির মাহবুব আনাম বলেছেন, কেবল অর্থের অভাবে যেন কোনো সম্ভাবনাময় উদ্যোগ থেমে না যায়, সেই লক্ষ্য সামনে রেখেই বিনিয়োগবান্ধব পরিবেশ তৈরি করছে সরকার।
রোববার (১৬ আগস্ট) রাজধানীর আগারগাঁওয়ে আইসিটি টাওয়ারে স্টার্টআপ বাংলাদেশ লিমিটেড আয়োজিত এক অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি ‘বাংলাদেশ ফান্ড অব ফান্ডস’-এর আনুষ্ঠানিক উদ্বোধন ঘোষণা করেন।
মন্ত্রী জানান, সুশাসন, দক্ষতা ও পেশাদারিত্ব বজায় রেখে এই ফান্ড পরিচালনা করা হবে। তিনি বলেন, স্টার্টআপ বাংলাদেশ ইতোমধ্যে ৩৬টি প্রযুক্তিনির্ভর উদ্যোগে প্রায় ১১১ কোটি টাকা অর্থায়ন করেছে। তবে কেবল সরকারি সহায়তার ওপর নির্ভর না করে বেসরকারি খাতকেও এগিয়ে আসতে হবে। উদ্যোগগুলোকে বাস্তবে রূপ দিয়ে দেশীয় স্টার্টআপগুলোর বিশ্ববাজারে প্রবেশের পথ সুগম করাই এ ফান্ডের প্রধান উদ্দেশ্য।
অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্যে প্রধানমন্ত্রীর উপদেষ্টা রেহান আসিফ আসাদ বলেন, ভেঞ্চার ক্যাপিটাল ও স্টার্টআপ খাত দেশের অর্থনৈতিক প্রবৃদ্ধিকে বৈচিত্র্যময় করতে বড় ভূমিকা রাখবে। তিনি জানান, বিদেশি বিনিয়োগকারীদের জন্য সরকারের প্রতিশ্রুতি অনুযায়ী মূলধন সহজ প্রত্যাবাসনের সুযোগ নিশ্চিত করা হবে।
সভাপতির বক্তব্যে মো. মামুনুর রশীদ ভূঁঞা আশা প্রকাশ করেন, এই তহবিল বাস্তবায়িত হলে দেশে স্টার্টআপে বিনিয়োগ বাড়ার পাশাপাশি ভবিষ্যৎ অর্থনীতির জন্য শক্তিশালী বিনিয়োগ অবকাঠামো গড়ে উঠবে। স্টার্টআপ বাংলাদেশ লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী কর্মকর্তা নুরুল হাই তহবিলের কৌশল ও যোগ্য ফান্ড ব্যবস্থাপকদের জন্য আগ্রহপত্র আহ্বানের প্রক্রিয়াটি তুলে ধরেন।
উল্লেখ্য, গত এক দশকে বাংলাদেশের স্টার্টআপ খাত প্রায় ১ দশমিক ২ বিলিয়ন ডলার বিনিয়োগ আকর্ষণ করলেও সেখানে স্থানীয় বিনিয়োগ ছিল মাত্র ৭ শতাংশ। প্রাথমিক পর্যায়ে ৪০০ কোটি টাকার এই ফান্ডের মাধ্যমে স্থানীয় ভেঞ্চার ক্যাপিটালের বিকাশ, নতুন কর্মসংস্থান সৃষ্টি এবং প্রযুক্তিগত সহায়তা নিশ্চিত করা হবে। অনুষ্ঠানে জাইকার প্রতিনিধি মোরিকাওয়া ইউকোসহ অন্যান্য সরকারি ও বিনিয়োগকারী সংস্থার প্রতিনিধিবৃন্দ উপস্থিত ছিলেন।