↩ নিউজ
প্রিন্ট এর তারিখঃ ১৭ আগস্ট ২০২৬, ৭:২৪ পি.এম || প্রকাশের তারিখঃ ১৬ আগস্ট ২০২৬, ৭:৩৭ পি.এম

পরিত্যক্ত জলাশয় সংস্কার করে তরুণদের কর্মসংস্থানের ঘোষণা প্রধানমন্ত্রীর

✍️ প্রতিবেদক: দীপ্ত বাংলাদেশ নিউজ ডেস্ক

দেশের পরিত্যক্ত ও অব্যবহৃত জলাশয়সমূহ সংস্কার করে তরুণদের মধ্যে বরাদ্দ দেওয়ার মাধ্যমে ব্যাপক কর্মসংস্থান সৃষ্টির উদ্যোগ নেওয়া হবে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান। বাংলাদেশের প্রাকৃতিক নদী, বিল, হাওড়-বাঁওড় ও পুকুরকে সঠিকভাবে কাজে লাগিয়ে মাছ চাষের মাধ্যমে বিপুলসংখ্যক মানুষের অর্থনৈতিকভাবে স্বাবলম্বী হওয়ার বড় সুযোগ রয়েছে বলে উল্লেখ করেন তিনি।

রোববার (১৬ আগস্ট) দুপুরে কিশোরগঞ্জের কটিয়াদী উপজেলার আচমিতা জর্জ ইনস্টিটিউশন মাঠে ‘জাতীয় মৎস্য পক্ষ-২০২৬’ এর উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

প্রধানমন্ত্রী তাঁর বক্তব্যে বলেন, মৎস্য খাত দেশের মানুষের আমিষ ও পুষ্টির চাহিদা মেটানোর পাশাপাশি কর্মসংস্থান সৃষ্টি এবং প্রান্তিক জনগোষ্ঠীর আয় বৃদ্ধিতে অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে। তিনি জানান, বহু জলাশয় দীর্ঘদিন ধরে কোনো কাজে না এসে পড়ে রয়েছে। এসব জলাশয়কে কীভাবে উৎপাদনমুখী কর্মকাণ্ডে ব্যবহার করে তরুণদের সম্পৃক্ত করা যায়, সে বিষয়ে ইতিমধ্যে সংশ্লিষ্ট মন্ত্রণালয়কে প্রয়োজনীয় নির্দেশনা দেওয়া হয়েছে।

দেশের অর্থনীতিতে এ খাতের বড় অর্জনের কথা তুলে ধরে প্রধানমন্ত্রী জানান, ২০২৫-২৬ অর্থবছরে বাংলাদেশ বিশ্বের প্রায় ৫২টি দেশে প্রায় ৬ হাজার কোটি টাকা মূল্যের মাছ ও মৎস্যজাত পণ্য রপ্তানি করে বিপুল বৈদেশিক মুদ্রা অর্জন করেছে। এই ধারাবাহিকতা বজায় রাখতে মৎস্য খাতকে আরও সম্প্রসারণের ওপর তিনি বিশেষ গুরুত্বারোপ করেন।

অনুষ্ঠান শুরুর আগে প্রধানমন্ত্রী সরকারি কার্প হ্যাচারিতে পোনা মাছ অবমুক্ত করেন এবং মাছ ধরা কার্যক্রম পরিদর্শন করেন। অনুষ্ঠান শেষে তিনি সফল ১৪ জন মৎস্য চাষি, উৎপাদন ও রপ্তানিকারক প্রতিষ্ঠানের প্রতিনিধিদের হাতে স্বর্ণ পদক ও ক্রেস্ট তুলে দেন। পরবর্তীতে তিনি স্থানীয় আচমিতা সরকারি প্রাথমিক বিদ্যালয় ও আচমিতা জর্জ ইনস্টিটিউশনের শিক্ষার্থীদের সঙ্গে কুশল বিনিময় করেন।

কৃষি, মৎস্য ও প্রাণিসম্পদমন্ত্রী আমিনুর রশিদের সভাপতিত্বে আয়োজিত এ অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু, পাট ও বস্ত্র প্রতিমন্ত্রী মো. শরিফুল আলম, কিশোরগঞ্জ-২ আসনের সংসদ সদস্য জালাল উদ্দিন এবং মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের সচিব দেলোয়ার হোসেন।