↩ নিউজ
প্রিন্ট এর তারিখঃ ১৯ আগস্ট ২০২৬, ৭:১১ পি.এম || প্রকাশের তারিখঃ ১৮ আগস্ট ২০২৬, ৮:০৪ পি.এম

সবাই এগিয়ে এলে বড় সমস্যা সমাধান সম্ভব: প্রধানমন্ত্রী

✍️ প্রতিবেদক: দীপ্ত বাংলাদেশ নিউজ ডেস্ক

সমাজের সর্বস্তরের মানুষের সম্মিলিত সহযোগিতায় দেশের বড় বড় সমস্যার সহজ সমাধান সম্ভব বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান। জনকল্যাণমূলক ও মানবিক কাজে অংশগ্রহণকারী বেসরকারি খাতকে সরকারের পক্ষ থেকে সর্বাত্মক সহযোগিতা অব্যাহত রাখার দৃঢ় আশ্বাস দেন তিনি।

মঙ্গলবার দুপুরে বাংলাদেশ সচিবালয়ে প্রধানমন্ত্রীর কার্যালয়ে সিলেট বিভাগের চা-বাগান শ্রমিকদের প্রতিকূল আবহাওয়ায় সুরক্ষার লক্ষ্যে আয়োজিত এক অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। সমাজকল্যাণ মন্ত্রণালয়ের বিশেষ উদ্যোগে বেসরকারি খাতের সিএসআর (CSR) তহবিলের সহায়তায় ২০ হাজার রেইনকোট বিতরণ কার্যক্রমের আনুষ্ঠানিক সূচনা করেন প্রধানমন্ত্রী।

অনুষ্ঠানে শ্রীমঙ্গল ও কমলগঞ্জ এলাকার ১০ জন চা-শ্রমিকের হাতে রেইনকোট তুলে দিয়ে কর্মসূচির উদ্বোধন করা হয়। এ সময় প্রধানমন্ত্রী শ্রমিকদের সার্বিক খোঁজ-খবর নেন। উপহার গ্রহণকালে শ্রীমঙ্গলের মাজদিহি চা-বাগানের শ্রমিক সন্তুকী রায় প্রধানমন্ত্রীর হাতে শুভেচ্ছা হিসেবে চা-পাতা তুলে দেন। অনুষ্ঠানে প্রধানমন্ত্রীর সহকারী প্রেস সচিব শাহরিয়ার পামির জানান, সিলেট, মৌলভীবাজার ও হবিগঞ্জ জেলার চা-বাগান শ্রমিকদের জন্য এই রেইনকোট প্রদান করা হচ্ছে। যার মধ্যে বাংলাদেশ অ্যাসোসিয়েশন অব ফার্মাসিউটিক্যাল ইন্ডাস্ট্রিজ (বাপি) ১০ হাজার, শেভরন বাংলাদেশ ৫ হাজার এবং পাণ্ডুঘর গ্রুপ ৫ হাজার রেইনকোট সরবরাহ করেছে।

অনুষ্ঠানে উপস্থিত বেসরকারি খাতের প্রতিনিধিরা জানান, করপোরেট সামাজিক দায়বদ্ধতার অংশ হিসেবে প্রান্তিক ও শ্রমজীবী মানুষের নিরাপদ কর্মপরিবেশ নিশ্চিত করতে তারা সরকারের সাথে সমন্বয় করে ভবিষ্যতে আরও কাজ করে যাবেন।

অনুষ্ঠানে সমাজকল্যাণ মন্ত্রী অধ্যাপক ডা. এ জেড এম জাহিদ হোসেন, বাণিজ্য ও শিল্পমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির, শ্রম ও কর্মসংস্থানমন্ত্রী আরিফুল হক চৌধুরী, সমাজকল্যাণ প্রতিমন্ত্রী ফারজানা শারমীন এবং সিলেট, মৌলভীবাজার ও হবিগঞ্জ এলাকার একাধিক সংসদ সদস্য উপস্থিত ছিলেন। এছাড়া বাপি, শেভরন বাংলাদেশ ও পাণ্ডুঘর গ্রুপের শীর্ষ কর্মকর্তারা অনুষ্ঠানে অংশ নেন।