সংসদীয় দলের বৈঠকে মির্জা ফখরুলের জন্য ভোট চাইলেন তারেক রহমান

রাষ্ট্রপতি নির্বাচনে দলের মনোনীত প্রার্থী মির্জা ফখরুল ইসলাম আলমগীরের পক্ষে ভোট চেয়েছেন বিএনপির চেয়ারম্যান ও প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান। একই সঙ্গে এই গুরুত্বপূর্ণ নির্বাচনকে কেন্দ্র করে দলের সকল সংসদ সদস্যকে সুশৃঙ্খল ও ঐক্যবদ্ধ থাকার নির্দেশনা দিয়েছেন তিনি।
বুধবার (১৯ আগস্ট) বিকালে জাতীয় সংসদ ভবনের নবমতলায় বিএনপির সংসদীয় দলের সভায় সভাপতির বক্তব্যে তিনি এ কথা বলেন। প্রধানমন্ত্রী জনাব তারেক রহমানের সভাপতিত্বে আয়োজিত উক্ত বৈঠকে রাষ্ট্রপতি পদে প্রতিদ্বন্দ্বিতাকারী মির্জা ফখরুল ইসলাম আলমগীরসহ বিএনপির অন্যান্য সংসদ সদস্যগণ অংশ নেন।
বৈঠকে বক্তব্য প্রদানকালে জনাব তারেক রহমান মির্জা ফখরুল ইসলাম আলমগীরের দীর্ঘ রাজনৈতিক পথচলা ও অবদানের চিত্র তুলে ধরেন। তিনি উল্লেখ করেন, মির্জা ফখরুল বহু বছর ধরে দলের বিভিন্ন গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করছেন এবং দলের কঠিন সময়গুলোতে অসীম সাহসিকতার সঙ্গে হাল ধরেছেন। কারাবরণসহ নানা প্রতিকূল পরিস্থিতির মুখোমুখি হলেও তিনি কখনো দল ছেড়ে যাননি।
মির্জা ফখরুলের অতীত রাজনৈতিক ত্যাগ ও নেতৃত্বের মূল্যায়ন করে প্রধানমন্ত্রী দলীয় সংসদ সদস্যদের প্রতি আহ্বান জানান যেন তারা রাষ্ট্রপতি নির্বাচনে তাঁকে জয়ী করতে ভোট প্রদান করেন। সংগঠনকে শক্তিশালী রাখতে এবং লক্ষ্য অর্জনে রাজনৈতিক ঐক্যের ওপর বিশেষ গুরুত্বারোপ করেন তিনি।