দক্ষতা বাড়িয়ে জাতীয় অর্থনীতিতে ভূমিকার আহ্বান তথ্যমন্ত্রীর

তরুণদের দক্ষতা উন্নয়নের স্পৃহা কেবল ব্যক্তিগত কর্মসংস্থান বা চাকরি পাওয়ার মধ্যে সীমাবদ্ধ না রাখার পরামর্শ দিয়েছেন তথ্য ও সম্প্রচার মন্ত্রী জহির উদ্দিন স্বপন। তিনি তাদের জ্ঞান ও মেধাকে জাতীয় স্বার্থ ও অর্থনৈতিক সম্ভাবনার সঙ্গে যুক্ত করার জোর আহ্বান জানান।
রাজধানীর বাংলাদেশ-চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে আয়োজিত ‘ফ্রম স্কিল টু অপরচুনিটি’ শীর্ষক একটি চাকরি মেলার উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। মেলাটির যৌথ সহযোগিতায় ছিল বেসরকারি সংস্থা ইকো সোশ্যাল ডেভেলপমেন্ট অর্গানাইজেশন (ইএসডিও), ‘চোরগউসান ফর চিল্ড্রেন’ ও এডুকো।
অনুষ্ঠানে তথ্যমন্ত্রী উল্লেখ করেন যে, বিদ্যমান চাকরির সুযোগের জন্য দক্ষ জনশক্তি তৈরির পাশাপাশি নতুন কর্মসংস্থান সৃষ্টি করা অত্যন্ত জরুরি। এটি মূলত অর্থনীতি, শিল্পনীতি ও রাষ্ট্রীয় কাঠামোর সঠিক সমন্বয়ের ওপর নির্ভর করে। দৃষ্টান্ত হিসেবে তিনি শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের সময়কালের গার্মেন্টস শিল্পের বিকাশের জন্য গৃহীত নীতি ও দক্ষিণ কোরিয়া থেকে আনা প্রযুক্তিগত সুবিধার কথা স্মরণ করিয়ে দেন।
তাছাড়া, আন্তর্জাতিক বাজারের প্রযুক্তি ও চাহিদার পরিবর্তনের বিষয়টি তুলে ধরে তিনি জানান, প্রথাগত চাকরির ওপর নির্ভর না করে নতুন নতুন ক্ষেত্র প্রস্তুত করতে হবে। সেই সঙ্গে কারিকুলামে নীতি-নৈতিকতা ও বর্তমান অর্থনৈতিক বাস্তবতার ওপর সম্যক ধারণা অন্তর্ভুক্তির বিষয়ে গুরুত্বারোপ করেন তিনি।
উক্ত আলোচনা সভায় এডুকো বাংলাদেশের কান্ট্রি ডিরেক্টর আব্দুল হামিদের সভাপতিত্বে আরও বক্তব্য রাখেন জাতীয় দক্ষতা উন্নয়ন কর্তৃপক্ষের নির্বাহী চেয়ারম্যান ড. নাজনীন কাওসার চৌধুরী এবং ইএসডিও-এর নির্বাহী পরিচালক ড. মো. শহিদ উজ জামান।