সরকারি হাসপাতালে শতভাগ হাজিরা নিশ্চিতের নির্দেশ, অনুপস্থিত থাকলে বেতন বন্ধের সিদ্ধান্ত

দেশের সব সরকারি স্বাস্থ্য প্রতিষ্ঠান ও হাসপাতালে চিকিৎসক, কর্মকর্তা ও কর্মচারীদের শতভাগ উপস্থিতি নিশ্চিত করার নির্দেশ দিয়েছে স্বাস্থ্য অধিদপ্তর। কোনো কর্মী কর্মস্থলে অনুপস্থিত থাকলে সেই বিষয়টি আনুষ্ঠানিকভাবে নিষ্পত্তি না হওয়া পর্যন্ত সংশ্লিষ্ট ব্যক্তির বেতন বিল ছাড় না করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
বৃহস্পতিবার (২০ আগস্ট) স্বাস্থ্য অধিদপ্তরের পরিচালক (প্রশাসন) অধ্যাপক ডা. জালাল উদ্দিন মোহাম্মদ রুমি স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এই নির্দেশ দেওয়া হয়। বিজ্ঞপ্তিতে বলা হয়, স্বাস্থ্যসেবা বিভাগে প্রধানমন্ত্রীর পরিদর্শনকালে দেওয়া অনুশাসনের অগ্রগতি পর্যালোচনায় গত ১৬ আগস্ট স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের সভাকক্ষে অনুষ্ঠিত সভায় এসব সিদ্ধান্ত গৃহীত হয়েছিল।
বিজ্ঞপ্তি অনুযায়ী, স্বাস্থ্য অধিদপ্তরাধীন সব স্বাস্থ্য প্রতিষ্ঠান ও হাসপাতালে স্থাপিত বায়োমেট্রিক মেশিন সার্বক্ষণিক সচল রাখতে হবে। কর্মকর্তা-কর্মচারীদের নিয়মিত বায়োমেট্রিক উপস্থিতি নিশ্চিত করার পাশাপাশি পর্যায়ক্রমে ‘বায়োমেট্রিক ফেস রিকগনিশন’ প্রযুক্তি চালুর ওপর জোর দেওয়া হয়েছে।
এ ছাড়া সংশ্লিষ্ট স্বাস্থ্য প্রতিষ্ঠানের আয়-ব্যয়ন কর্মকর্তাদের উপস্থিতি নিশ্চিত হওয়ার পরেই কেবল কর্মকর্তা-কর্মচারীদের বেতন বিল ছাড় করতে বলা হয়েছে। একই সঙ্গে সব সরকারি হাসপাতাল ও স্বাস্থ্যসেবা প্রতিষ্ঠানকে কর্মকর্তা-কর্মচারীদের ই-হাজিরা সংক্রান্ত প্রতিবেদন প্রতি সপ্তাহে স্বাস্থ্য অধিদপ্তরের পরিচালক (প্রশাসন)-এর কাছে প্রেরণের নির্দেশ দেওয়া হয়েছে।