↩ নিউজ
প্রিন্ট এর তারিখঃ ২৫ আগস্ট ২০২৬, ৮:২৯ এ.এম || প্রকাশের তারিখঃ ২২ আগস্ট ২০২৬, ৯:২২ পি.এম

বাংলাদেশের উন্নয়ন ও অগ্রগতিতে ভূমিকা রাখতে সরকার প্রতিশ্রুতিবদ্ধ: মঈন খান

✍️ প্রতিবেদক: দীপ্ত বাংলাদেশ নিউজ ডেস্ক

দেশের বিদ্যমান নানা সমস্যা দূর করে বাংলাদেশকে একটি গতিশীল রাষ্ট্রে রূপান্তর এবং আন্তর্জাতিক পরিমণ্ডলে দেশের সুনাম পুনঃপ্রতিষ্ঠা করাই সরকারের মূল লক্ষ্য বলে জানিয়েছেন নবনিযুক্ত স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী ড. আবদুল মঈন খান। তিনি জানান, দেশের মানুষ যাদের ওপর আস্থা রেখেছেন, তাদের নেতৃত্বেই বাংলাদেশ সমৃদ্ধির পথে এগিয়ে যাবে।

শনিবার (২২ আগস্ট) দুপুরে সাভারের জাতীয় স্মৃতিসৌধে বীর শহীদদের স্মৃতির প্রতি শ্রদ্ধার্ঘ্য অর্পণ শেষে উপস্থিত সাংবাদিকদের তিনি এসব কথা বলেন। এ সময় তাঁর সঙ্গে উপস্থিত ছিলেন বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রী এম রশিদুজ্জামান মিল্লাত, পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রী সাচিং প্রু জেরী, পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবির এবং ধর্ম প্রতিমন্ত্রী মোহাম্মদ শামীম কায়সার লিংকন।

শ্রদ্ধা নিবেদন শেষে মন্ত্রী বলেন, প্রধানমন্ত্রী তারেক রহমান সাধারণ মানুষের গণতান্ত্রিক অধিকার ও উন্নয়নের বার্তা নিয়ে দেশের দায়িত্ব গ্রহণ করেছেন। বাংলাদেশকে গণতন্ত্রের পথে ফিরিয়ে আনতে এবং জনগণের অধিকার প্রতিষ্ঠার মাধ্যমে সমৃদ্ধ দেশ গড়ে তুলতে বর্তমান সরকার নিরলসভাবে কাজ করে যাবে।

দেশের রাজনৈতিক ইতিহাসের প্রেক্ষাপট টেনে তিনি আরও উল্লেখ করেন, সংকটময় সময়ে স্বাধীনতার বার্তা পৌঁছানো থেকে শুরু করে দেশে গণতন্ত্র প্রতিষ্ঠার প্রতিটি পদক্ষেপে বিএনপির একটি বিশেষ ঐতিহাসিক ভূমিকা ছিল। রাষ্ট্রপতি জিয়াউর রহমানের স্বাধীনতার ঘোষণা এবং পরবর্তীতে বেগম খালেদা জিয়ার আপসহীন নেতৃত্বের পথ ধরেই ২০২৬ সালে প্রধানমন্ত্রী তারেক রহমানের পরিচালনায় নতুন করে বাংলাদেশ পুনর্গঠনের কাজ শুরু হয়েছে বলে তিনি মন্তব্য করেন।