জনসংখ্যাকে জনসম্পদে রূপান্তরে কারিগরি শিক্ষার বিকল্প নেই: শিক্ষামন্ত্রী

দেশের বিপুল জনসংখ্যাকে কার্যকর জনসম্পদে রূপান্তর করতে কারিগরি ও বৃত্তিমূলক শিক্ষার (TVET) কোনো বিকল্প নেই বলে মন্তব্য করেছেন শিক্ষা এবং প্রাথমিক ও গণশিক্ষামন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন। তিনি জানান, দেশের সুষম আর্থ-সামাজিক উন্নয়নের জন্য প্রথাগত শিক্ষার গণ্ডি পেরিয়ে তরুণ প্রজন্মকে দক্ষতাভিত্তিক শিক্ষায় শিক্ষিত করে তুলতে হবে।
রোববার (২৩ আগস্ট) রাজধানীর ধানমন্ডির ড্যাফোডিল প্লাজা মিলনায়তনে ‘A National Dialogue on TVET for a Skilled & Productive Bangladesh’ শীর্ষক সেমিনারে প্রধান অতিথির বক্তব্যে শিক্ষামন্ত্রী এসব কথা বলেন। তিনি উল্লেখ করেন, প্রধানমন্ত্রী তারেক রহমানের অর্থনৈতিক ও উন্নয়ন পরিকল্পনার প্রধান লক্ষ্য হলো দেশের মানবসম্পদ গড়ে তোলা, যা বাস্তবায়নে সরকার কাজ করে যাচ্ছে।
বিশ্ববাজারে কারিগরি শিক্ষায় দক্ষ কর্মীদের চাহিদার কথা উল্লেখ করে মন্ত্রী জানান, বৈদেশিক মুদ্রা অর্জনের অন্যতম প্রধান খাত রেমিট্যান্স বাড়াতে প্রবাসী কর্মীদের আরও দক্ষ করে বিদেশে পাঠানো জরুরি। এই উদ্দেশ্যে দেশে আরও চারটি নতুন ইঞ্জিনিয়ারিং কলেজ স্থাপনের উদ্যোগ নেওয়া হয়েছে এবং ঢাকা পলিটেকনিক ইনস্টিটিউটকে একটি আদর্শ ও মডেল শিক্ষাপ্রতিষ্ঠানে পরিণত করার জন্য বিশেষ প্রকল্প গ্রহণ করা হচ্ছে।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য প্রদান করেন কারিগরি ও মাদ্রাসা শিক্ষা বিভাগের সচিব মো. দাউদ মিয়া। ড্যাফোডিল গ্রুপের চেয়ারম্যান ড. মো. সবুর খান অনুষ্ঠানে মূল প্রবন্ধ উপস্থাপন করেন এবং সিসিএন পলিটেকনিক ইনস্টিটিউটের চেয়ারম্যান ড. মো. তরিকুল ইসলাম চৌধুরী স্বাগত বক্তব্য দেন।