সব ধর্মের মানুষের অধিকার ও সম্প্রীতি রক্ষায় কাজ করবে সরকার: ধর্ম প্রতিমন্ত্রী

প্রধানমন্ত্রীর দেওয়া রাষ্ট্র মেরামতের রূপরেখা ও সুস্পষ্ট নীতিমালা অনুসরণ করে সরকার পরিচালনা করা হবে বলে জানিয়েছেন নবনিযুক্ত ধর্ম প্রতিমন্ত্রী মোহাম্মদ শামীম কায়সার লিংকন। তিনি স্পষ্ট করেন, কোনো কাজ স্থবির হয়ে থাকলে তা দ্রুত সমাধানের উদ্যোগ নেওয়া হবে এবং মন্ত্রণালয়ের গতিশীলতা ফিরিয়ে আনা হবে।
রোববার (২৩ আগস্ট) সচিবালয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপাচারকালে প্রতিমন্ত্রী বলেন, বাংলাদেশ আবহমানকাল থেকেই সাম্প্রদায়িক সম্প্রীতির দেশ। ধর্ম মন্ত্রণালয়ের মূল লক্ষ্য হবে সব ধর্ম ও মতের মানুষ যেন নিজ নিজ অবস্থান থেকে অবাধে কথা বলতে পারেন এবং অধিকার ভোগ করতে পারেন তা নিশ্চিত করা। সুখী ও সমৃদ্ধ দেশ গঠনে সর্বস্তরের মানুষের সহযোগিতা কামনা করেন তিনি।
সামাজিক ও ধর্মীয় বন্ধন সুদৃঢ় করতে ওলামায়ে কেরামদের সঙ্গে নিয়মিত যোগাযোগ রাখার গুরুত্ব তুলে ধরেন প্রতিমন্ত্রী। তিনি উল্লেখ করেন, পারস্পরিক যোগাযোগের মাধ্যমে যেকোনো ভুল-বোঝাবুঝি নিরসন সম্ভব। কেবল ইসলাম ধর্মীয় প্রতিনিধিই নন, বরং অন্যান্য সব ধর্মাবলম্বী ও ধর্মীয় গুরুদের দ্বারে গিয়ে আলোচনা করাকেও তিনি নিজের দায়িত্ব বলে মনে করেন।