↩ নিউজ
প্রিন্ট এর তারিখঃ ২৫ আগস্ট ২০২৬, ৯:১৯ এ.এম || প্রকাশের তারিখঃ ২৪ আগস্ট ২০২৬, ৯:৩৫ পি.এম

বঙ্গভবনে রাষ্ট্রপতির সঙ্গে প্রধান বিচারপতির সৌজন্য সাক্ষাৎ

✍️ প্রতিবেদক: দীপ্ত বাংলাদেশ নিউজ ডেস্ক

রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন প্রধান বিচারপতি জুবায়ের রহমান চৌধুরী। সোমবার (২৪ আগস্ট) বিকেলে বঙ্গভবনে এই সাক্ষাৎ অনুষ্ঠিত হয়। এ সময় নতুন রাষ্ট্রপতি হিসেবে দায়িত্ব গ্রহণ করায় মির্জা ফখরুল ইসলামকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানান প্রধান বিচারপতি।

সাক্ষাৎকালে প্রধান বিচারপতি সুপ্রিম কোর্টের সার্বিক কার্যক্রম, প্রশাসনিক পরিচালনা ব্যবস্থা এবং দেশের বিচার ব্যবস্থার বিদ্যমান নানা চ্যালেঞ্জ সম্পর্কে রাষ্ট্রপতিকে বিস্তারিতভাবে অবহিত করেন। বিশেষ করে অতিরিক্ত মামলার জট, প্রয়োজনীয় দক্ষ জনবলের অভাব এবং অবকাঠামোগত সীমাবদ্ধতার বিষয়টি তিনি রাষ্ট্রপতির দৃষ্টিগোচর করেন এবং এসব সংকট মোকাবিলায় সার্বিক সহায়তা কামনা করেন।

মামলা নিষ্পত্তির চিত্র তুলে ধরে প্রধান বিচারপতি উল্লেখ করেন যে, প্রতিদিন আদালতে যে পরিমাণ মামলা নিষ্পত্তি হচ্ছে, দায়েরকৃত নতুন মামলার সংখ্যা তার চেয়েও বেশি। ফলে দিন দিন মামলার জট নিরসন করা অত্যন্ত জটিল হয়ে পড়ছে।

রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর বিচারাঙ্গনের সমস্যাগুলো গুরুত্বের সঙ্গে শোনেন এবং মামলার জট কমাতে বিকল্প হিসেবে সালিশি নিষ্পত্তি ও গ্রাম আদালত ব্যবস্থাকে আরও প্রসারিত ও কার্যকর করার তাগিদ দেন। একই সঙ্গে বিচারাঙ্গনের বিদ্যমান অন্যান্য সমস্যা সমাধানে সরকারের পক্ষ থেকে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণের আশ্বাস প্রদান করেন তিনি।

উক্ত সাক্ষাৎ অনুষ্ঠানে রাষ্ট্রপতির সচিব, সামরিক সচিব এবং প্রেস সচিব মো. সরওয়ার আলমসহ বঙ্গভবনের উচ্চপদস্থ কর্মকর্তারা উপস্থিত ছিলেন।