দেশে মুখোশধারীরা এখনো ফ্যাসিস্ট পুনর্বাসনে ষড়যন্ত্র করছে: আইনমন্ত্রী

দেশে মুখোশধারী অনেকেই এখনো ফ্যাসিস্টদের পুনর্বাসনে ষড়যন্ত্র করছে বলে অভিযোগ করেছেন আইনমন্ত্রী মো. আসাদুজ্জামান। যে ফ্যাসিস্ট সরকার হাজারো মানুষকে হত্যা করেছে এবং ৩০ হাজার মানুষকে পঙ্গু ও অন্ধ করেছে, তাদের ফিরিয়ে আনার চক্রান্তের বিষয়ে দেশবাসীকে সচেতন থাকার আহ্বান জানান তিনি।
বুধবার (২৬ আগস্ট) দুপুরে রাজধানীর বনানীতে পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষ্যে আয়োজিত এক অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
আইনমন্ত্রী বলেন, দেশে আর যেন কখনো কোনো ফ্যাসিস্ট সরকারের উত্থান না ঘটে, সেজন্য এখন থেকেই একটি কার্যকর রোডম্যাপ তৈরি করতে হবে। হযরত মুহাম্মদ (সা.)-এর সুমহান আদর্শে অনুপ্রাণিত হয়ে দেশের মানুষকে গণতন্ত্র ও আইনের শাসনের প্রকৃত স্বাদ দেওয়ার তাগিদ দেন তিনি।
তিনি আরও উল্লেখ করেন, কাজের জায়গায় কোনো ভুল হলে তা শুধরে নিয়ে সামনের দিকে এগিয়ে যেতে হবে। একই সঙ্গে দেশ পরিচালনা ও রাজনীতির ক্ষেত্রে আমরা নিজেরাও যেন কোনোভাবে ফ্যাসিস্ট হয়ে না উঠি, সে বিষয়ে সতর্ক থাকার পরামর্শ দেন তিনি।
আগামী প্রজন্মের জন্য একটি সুন্দর ও বাসযোগ্য বাংলাদেশ উপহার দেওয়ার অঙ্গীকার ব্যক্ত করে বিরোধিতার জন্য বিরোধিতার সংস্কৃতি থেকে বেরিয়ে আসার জন্য সবার প্রতি আহ্বান জানান আইনমন্ত্রী।