↩ নিউজ
প্রিন্ট এর তারিখঃ ২৭ আগস্ট ২০২৬, ৩:১১ পি.এম || প্রকাশের তারিখঃ ২৬ আগস্ট ২০২৬, ৭:০২ পি.এম

অর্থের অভাবে কেউ চিকিৎসাসেবা থেকে বঞ্চিত হবে না: সমাজকল্যাণমন্ত্রী জাহিদ হোসেন

✍️ প্রতিবেদক: দীপ্ত বাংলাদেশ নিউজ ডেস্ক

দেশের কোনো নাগরিক অর্থের অভাবে চিকিৎসাসেবা থেকে বঞ্চিত হবেন না বলে স্পষ্ট জানিয়েছেন মহিলা ও শিশুবিষয়ক এবং সমাজকল্যাণমন্ত্রী অধ্যাপক ডা. এজেডএম জাহিদ হোসেন। প্রতিটি নাগরিকের মৌলিক চিকিৎসাসেবা নিশ্চিত করতে প্রয়োজনে সরকারি তহবিল থেকে সরাসরি আর্থিক সাহায্য প্রদান করা হবে।

বুধবার (২৬ আগস্ট) দিনাজপুরের হাকিমপুর উপজেলার বোয়ালদার ইউনিয়ন পরিষদ মাঠে আয়োজিত হাকিমপুর উপজেলা বিএনপির এক কর্মী সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

দলের সাংগঠনিক কাঠামোর বিষয়ে কথা বলতে গিয়ে মন্ত্রী জানান, প্রধানমন্ত্রী ও দলীয় চেয়ারম্যান জনাব তারেক রহমানের নির্দেশনা অনুযায়ী তৃণমূল পর্যায়ে পাড়া-মহল্লা ও ওয়ার্ডগুলোতে দলীয় ব্যাপ্তি বাড়াতে হবে। যোগ্য ও ত্যাগী ব্যক্তিদের বিএনপিতে যুক্ত করার তাগিদ দিয়ে তিনি উল্লেখ করেন, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের প্রতিষ্ঠিত বিএনপি সার্বজনীন দল হিসেবে সব শ্রেণি-পেশার মানুষকে সঙ্গে নিয়ে রাজনৈতিক পথচলায় বিশ্বাসী।

সামাজিক কল্যাণমূলক পদক্ষেপে গুরুত্ব আরোপ করে ডা. জাহিদ তৃণমূল নেতাকর্মীদের উদ্দেশ্যে বলেন, গ্রাম-গঞ্জের যেসব দরিদ্র পরিবারের শিশুরা অর্থাভাবে স্কুলে যেতে পারছে না, তাদের তালিকা তৈরি করে পাশে দাঁড়াতে হবে। সরকার নিজস্ব অর্থায়নে তাদের শিক্ষা গ্রহণ সুনিশ্চিত করে যোগ্য নাগরিক হিসেবে গড়ে তুলবে।

কর্মী সম্মেলনে দলের নেতাকর্মীদের শৃঙ্খলা ও সহনশীল আচরণ বজায় রেখে সামাজিক ভাবমূর্তি বজায় রাখার নির্দেশনা দেওয়া হয়।

হাকিমপুর উপজেলা বিএনপির সভাপতি ফিরদৌস রহমানের সভাপতিত্বে অনুষ্ঠিত এ সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দিনাজপুর জেলা পরিষদের প্রশাসক ও জেলা বিএনপির সভাপতি অ্যাডভোকেট মো. মোফাজ্জল হোসেন দুলাল, সিনিয়র সহ-সভাপতি মো. মোকারম হোসেন, সহ-সভাপতি আতিকুর রহমান রাজা মাস্টার এবং উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক সাখাওয়াত হোসেন। সম্মেলনে স্থানীয় জেলা, উপজেলা ও বিভিন্ন অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা অংশ নেন।