↩ নিউজ
প্রিন্ট এর তারিখঃ ২৮ আগস্ট ২০২৬, ১:০৭ পি.এম || প্রকাশের তারিখঃ ২৭ আগস্ট ২০২৬, ৫:০৯ পি.এম

রাষ্ট্রের কল্যাণে সম্পূর্ণ নিরপেক্ষভাবে কাজ করার অঙ্গীকার রাষ্ট্রপতির

✍️ প্রতিবেদক: দীপ্ত বাংলাদেশ নিউজ ডেস্ক

রাষ্ট্রীয় দায়িত্ব পালন ও দেশের সার্বিক কল্যাণে সম্পূর্ণ নিরপেক্ষভাবে কাজ করার অঙ্গীকার ব্যক্ত করেছেন রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর। দায়িত্ব গ্রহণের আগে দল, সংসদ ও মন্ত্রিপরিষদ থেকে পদত্যাগের কথা উল্লেখ করে তিনি জানান, বর্তমানে তিনি সম্পূর্ণ নিরপেক্ষ একজন ব্যক্তি হিসেবেই নিজের দায়িত্ব সম্পাদন করে যাবেন।

বৃহস্পতিবার (২৭ আগস্ট) বঙ্গভবনের দরবার হলে কর্মকর্তা ও কর্মচারীদের সঙ্গে আয়োজিত প্রথম রাষ্ট্রপতির দরবারে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

রাষ্ট্রপতি জানান, তাঁর দায়িত্ব পালনকালে কারও প্রতি কোনো রাগ বা অনুরাগ থাকবে না। যেকোনো পরিস্থিতিতে সততা, নিষ্ঠা, আন্তরিকতা ও দায়িত্বশীলতা বজায় রেখে জনগণের আস্থা অর্জন করা এবং রাষ্ট্র ও জনগণের স্বার্থ রক্ষা করাই হবে তাঁর মূল লক্ষ্য।

বঙ্গভবনকে রাষ্ট্রীয় মর্যাদা ও সার্বভৌমত্বের প্রতীক উল্লেখ করে এর ঐতিহ্য ও গৌরব অক্ষুণ্ণ রাখার আহ্বান জানান রাষ্ট্রপতি। তিনি নির্দেশ দেন, রাষ্ট্রীয় নিরাপত্তা যেন কোনোভাবে বিঘ্নিত না হয়, সেজন্য বঙ্গভবনের দৈনন্দিন কার্যক্রম ও গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত সংক্রান্ত বিষয়গুলোতে অত্যন্ত কঠোরভাবে গোপনীয়তা রক্ষা করতে হবে।

একই সঙ্গে রাষ্ট্রীয় সম্পদের দায়িত্বশীল ও স্বচ্ছ ব্যবহারের ওপর জোর দিয়ে রাষ্ট্রপতি অপচয় রোধে সাশ্রয়ী হতে বলেন। তিনি উল্লেখ করেন, জনগণের অর্থে পরিচালিত সরকারি সম্পদ ব্যবহারে জবাবদিহিতা নিশ্চিত করতে হবে এবং সবাইকে ব্যক্তিগত জীবনে শৃঙ্খলা ও নৈতিকতা চর্চা করতে হবে।

বক্তব্যে রাষ্ট্রপতি ১৯৭১ সালের মহান মুক্তিযুদ্ধে শহীদদের প্রতি গভীর শ্রদ্ধা জ্ঞাপন করেন। পাশাপাশি দেশ ও রাষ্ট্র গঠনে স্বাধীনতার ঘোষক শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান, সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার অবদান এবং পূর্ববর্তী সকল রাষ্ট্রপতির ভূমিকা শ্রদ্ধাভরে স্মরণ করেন। বঙ্গভবনের কর্মকর্তা-কর্মচারীদের এক পরিবারের মতো কাজ করার আহ্বান জানান তিনি।