স্থানীয় সরকার নির্বাচনের তফশিল ও ভোট কবে, জানালেন সিইসি

আগামী সেপ্টেম্বরের মধ্যে স্থানীয় সরকার নির্বাচনের তফসিল ঘোষণা করা হতে পারে বলে জানিয়েছেন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এএমএম নাসির উদ্দিন। তবে দুর্গাপূজা, শিক্ষাপ্রতিষ্ঠানের বার্ষিক পরীক্ষা এবং আইনগত সময়সীমাসহ নানা বিষয় বিবেচনা করে ভোটের দিনক্ষণ ও সময় নির্ধারণ করা হবে।
বৃহস্পতিবার (২৭ আগস্ট) নির্বাচন ভবনে নিজ দপ্তরে সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের জবাবে সিইসি এসব তথ্যের কথা জানান।
নাসির উদ্দিন জানান, নির্বাচনের সার্বিক প্রস্তুতি গ্রহণের জন্য ইতিমধ্যে নির্বাচন কমিশন সচিবকে নির্দেশ দেওয়া হয়েছে, যাতে তফসিল ঘোষণার পরপরই কমিশন পুরোদমে মাঠে নামতে পারে। একই সঙ্গে নির্বাচনের সময় আইনশৃঙ্খলা পরিস্থিতি সমন্বয়ের কাজে গতি আনতে সংশ্লিষ্ট নির্বাচন কমিশনারকেও দায়িত্ব দেওয়া হয়েছে।
তফসিল এবং সম্ভাব্য ভোটের সময়কাল নিয়ে সিইসি বলেন, সেপ্টেম্বরের মধ্যে একটি তফসিল ঘোষণার বিষয়ে তিনি আশাবাদী। আইনগত বাধ্যবাধকতার কারণে এ বছরের মধ্যেই নির্বাচন শুরু করতে হবে বলে তিনি উল্লেখ করেন।
স্থানীয় সরকার নির্বাচনের ভোট আয়োজনের সম্ভাব্য সময় প্রসঙ্গে সিইসি জানান, ভোট মূলত ডিসেম্বরের দিকে হওয়ার সম্ভাবনা রয়েছে। তবে শিক্ষাপ্রতিষ্ঠানের পরীক্ষাগুলো দ্রুত শেষ করা সম্ভব হলে নভেম্বরের শেষ দিকেও নির্বাচন শুরুর বিষয়টি বিবেচনা করা যেতে পারে। এ বিষয়ে সংশ্লিষ্ট মন্ত্রণালয়ের সঙ্গে শিগগিরই আলোচনা করা হবে।
পরবর্তী সময়কালের বিভিন্ন বাস্তবতার কথা তুলে ধরে প্রধান নির্বাচন কমিশনার বলেন, নির্বাচন কমিশনের হাতে সময় খুবই সীমিত। এরপরই পবিত্র রমজান, রোজা শেষে ঈদুল আজহা এবং পরবর্তীতে বর্ষাকাল চলে আসবে। ফলে এই নানাবিধ জটিলতা এড়াতে নির্ধারিত সময়ের মধ্যেই নির্বাচন সম্পন্ন করতে চায় কমিশন।