সংসদে বিরোধী দলের ওয়াকআউট

বিশেষ কমিটি গঠন প্রক্রিয়া স্থগিত রাখা এবং গণভোটের রায় বাস্তবায়নে গড়িমসি করার প্রতিবাদ জানিয়ে জাতীয় সংসদের তৃতীয় অধিবেশনের প্রথম দিনের শেষ ভাগে ওয়াকআউট করেছে বিরোধী দল।
বৃহস্পতিবার (২৭ আগস্ট) রাত ৮টা ৫ মিনিটে বিরোধীদলীয় নেতা ও বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির শফিকুর রহমান সংসদের ভেতরে এই ওয়াকআউটের আনুষ্ঠানিক ঘোষণা দেন।
সংসদ কক্ষে বক্তব্য প্রদানকালে জামায়াত আমির শফিকুর রহমান অভিযোগ করে বলেন, জনস্বার্থ সংশ্লিষ্ঠ বহু গুরুত্বপূর্ণ বিষয় থাকা সত্ত্বেও অধিবেশন শুরুর পরপরই বেশ কয়েকটি বিশেষ কমিটি গঠনের প্রক্রিয়াকে প্রাধান্য দেওয়া হচ্ছে। এর চেয়েও জরুরি বিষয় ছিল জনগণের প্রদত্ত গণভোটের রায় মেনে প্রয়োজনীয় সংস্কার নিশ্চিত করা।
বিরোধীদলীয় নেতা আরও উল্লেখ করেন, সরকার জুলাই জাতীয় সনদ বাস্তবায়ন না করে ক্রমাগত সময়ক্ষেপণ করছে, যা অত্যন্ত উদ্বেগজনক। সরকারের এই ধরনের অবস্থান ও সিদ্ধান্ত বাস্তবায়নে অবহেলার বিরুদ্ধে প্রতিবাদ হিসেবেই তাঁরা এ দিনের মতো সংসদ অধিবেশন থেকে ওয়াকআউটের সিদ্ধান্ত নিয়েছেন।