↩ নিউজ
প্রিন্ট এর তারিখঃ ৩০ আগস্ট ২০২৬, ১২:৫৩ পি.এম || প্রকাশের তারিখঃ ২৯ আগস্ট ২০২৬, ৫:৫১ পি.এম

লুট হওয়া ও অবৈধ অস্ত্র উদ্ধারে পুলিশের বিশেষ ইউনিট, তথ্যদাতাকে সর্বোচ্চ ২ লাখ টাকা পুরস্কারের ঘোষণা

✍️ প্রতিবেদক: দীপ্ত বাংলাদেশ নিউজ ডেস্ক

লুট হওয়া ও বেআইনি অস্ত্র উদ্ধারের লক্ষ্য নিয়ে বাংলাদেশ পুলিশের একটি বিশেষ ইউনিট গঠন করা হয়েছে। একই সঙ্গে অবৈধ অস্ত্র সংক্রান্ত তথ্য প্রদানকারীকে ১০ হাজার টাকা থেকে শুরু করে সর্বোচ্চ ২ লাখ টাকা পর্যন্ত আর্থিক পুরস্কার প্রদান করার ঘোষণা দিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমদ।

শনিবার (২৯ আগস্ট) সকালে রাজারবাগ পুলিশ অডিটোরিয়ামে বাংলাদেশ পুলিশের উচ্চপদস্থ কর্মকর্তাদের সঙ্গে বিগত তিন মাসের সার্বিক অপরাধ পরিস্থিতি পর্যালোচনা সভায় উপস্থিত হয়ে স্বরাষ্ট্রমন্ত্রী এ সংক্রান্ত সিদ্ধান্তের কথা জানান।

সভায় দায়িত্ব পালনকালে আইনশৃঙ্খলা রক্ষায় নিয়োজিত পুলিশ সদস্যরা তাঁদের কর্মক্ষেত্রে প্রয়োজনীয় প্রযুক্তিগত সহায়তা বৃদ্ধি ও অন্যান্য সুযোগ-সুবিধার চাহিদা স্বরাষ্ট্রমন্ত্রীর কাছে তুলে ধরেন। এ প্রেক্ষিতে স্বরাষ্ট্রমন্ত্রী জানান, পুলিশের এসব যৌক্তিক চাহিদা মেটাতে ইতিমধ্যে কাজ শুরু করেছে সরকার।

অপরাধ পরিস্থিতি পর্যালোচনা সভা শেষে সাংবাদিকদের মুখোমুখি হন স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমদ। এ সময় তিনি জানান, দেশের সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতির গতিধারা ইতিবাচক রাখতে পুলিশ সদস্যদের প্রয়োজনীয় বিভিন্ন দিকনির্দেশনা প্রদান করা হয়েছে। পর্যায়ক্রমে দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতির আরও চোখে পড়ার মতো অগ্রগতি ও উন্নতি নিশ্চিত হবে বলে আশা ব্যক্ত করেন তিনি।