অনুমোদনহীন ডাবল ডেকার স্লিপার বাস চলাচলের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার নির্দেশ প্রধানমন্ত্রীর

রাজধানী ঢাকার পরিবহণ খাতে শৃঙ্খলা ফিরিয়ে আনতে এবং ট্রাফিক ব্যবস্থার আধুনিকায়নে অনুমোদনহীন ডাবল ডেকার স্লিপার বাস চলাচলের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান।
শনিবার (২৯ আগস্ট) দুপুরে প্রধানমন্ত্রীর তেজগাঁও কার্যালয়ে আয়োজিত এক গুরুত্বপূর্ণ বৈঠকে তিনি এ নির্দেশ দেন।
উচ্চপর্যায়ের এই বৈঠকে ঢাকা মহানগরীর চলমান যানজট পরিস্থিতি, গুরুত্বপূর্ণ সড়ক ও ফ্লাইওভারে যানবাহনের চাপ নিয়ন্ত্রণ, গণপরিবহণ ব্যবস্থাপনা, বাস টার্মিনাল পুনর্বিন্যাস, পার্কিং ব্যবস্থার উন্নয়ন এবং ট্রাফিক ব্যবস্থার আধুনিকায়ন নিয়ে বিস্তারিত আলোচনা হয়।
বৈঠকে গতিশীল টোল আদায় নিশ্চিত করতে এক্সপ্রেসওয়ে ও ফ্লাইওভারের টোল প্লাজাগুলোতে ইটিসি (ইলেকট্রনিক টোল কালেকশন) সিস্টেম চালুর সিদ্ধান্ত নেওয়া হয়। এই ব্যবস্থাকে দ্রুত ও প্রযুক্তিনির্ভর করতে একটি অ্যাপ তৈরির নির্দেশ দেওয়া হয়েছে। প্রধানমন্ত্রী সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে আগামী চার মাসের মধ্যে এ কাজ সম্পন্ন করার সময়সীমা বেঁধে দেন।
যানজট নিরসনে বিভিন্ন সেবা সংস্থার মধ্যে পারস্পরিক সমন্বয় জোরদার করার ওপর গুরুত্বারোপ করেন প্রধানমন্ত্রী। তিনি নির্ধারিত সময়ের মধ্যে নিজ নিজ কাজ সম্পন্ন করতে উপস্থিত সকল কর্মকর্তার প্রতি আহ্বান জানান।
উচ্চপর্যায়ের এই সভায় স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমেদ, সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী শেখ রবিউল আলম, স্থানীয় সরকার প্রতিমন্ত্রী মীর শাহে আলম, পাবনা-৫ আসনের সংসদ সদস্য শামসুর রহমান শিমুল বিশ্বাস, ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের প্রশাসক আব্দুস সালাম, মন্ত্রিপরিষদ সচিব এবং প্রধানমন্ত্রীর মুখ্য সচিবসহ সংশ্লিষ্ট দপ্তরের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।