↩ নিউজ
প্রিন্ট এর তারিখঃ ৩১ আগস্ট ২০২৬, ১:১৫ পি.এম || প্রকাশের তারিখঃ ৩০ আগস্ট ২০২৬, ৭:১৯ পি.এম

খাদ্য গুদামের অনিয়ম ও সিন্ডিকেট ভেঙে দিতে সরকার প্রতিশ্রুতিবদ্ধ: আকস্মিক পরিদর্শনে খাদ্যমন্ত্রী

✍️ প্রতিবেদক: দীপ্ত বাংলাদেশ নিউজ ডেস্ক

খাদ্য গুদামকেন্দ্রিক সব ধরনের অনিয়ম ও সিন্ডিকেট ভেঙে দিতে বর্তমান সরকার প্রতিশ্রুতিবদ্ধ বলে জানিয়েছেন খাদ্যমন্ত্রী আফরোজা খানম রিতা। সরকারের বিভিন্ন খাদ্য কর্মসূচির নির্ধারিত সুফল সাধারণ মানুষের বদলে কোনোভাবেই সিন্ডিকেটের পকেটে যেতে দেওয়া হবে না বলেও সাফ জানিয়ে দিয়েছেন তিনি।

রোববার (৩০ আগস্ট) দুপুরে মানিকগঞ্জের সাটুরিয়া উপজেলা খাদ্য গুদাম আকস্মিকভাবে পরিদর্শন শেষে সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের জবাবে খাদ্যমন্ত্রী এসব কথা বলেন।

মন্ত্রী জানান, গুদামগুলোতে পর্যাপ্ত খাদ্য মজুত নিশ্চিত করা এবং সংরক্ষিত শস্য মানসম্মত অবস্থায় রয়েছে কি না, তা সরেজমিনে যাচাই করাই তাঁর প্রধান লক্ষ্য। মানিকগঞ্জ সদর ও সাটুরিয়া উপজেলা খাদ্য গুদামে পরিদর্শনের কথা উল্লেখ করে তিনি বলেন, সেখানকার মজুতকৃত ধান, গম ও আটার গুণগত মান অত্যন্ত সন্তোষজনক। একই ধারাবাহিকতায় পর্যায়ক্রমে সারা দেশের খাদ্য গুদামগুলো পরিদর্শন করা হবে।

দেশে বর্তমানে কোনো ধরনের খাদ্য সংকট নেই উল্লেখ করে খাদ্যমন্ত্রী বলেন, প্রতিটি জেলায় প্রয়োজন অনুযায়ী পর্যাপ্ত খাদ্যদ্রব্য মজুত রাখা হয়েছে, যাতে যেকোনো দুর্যোগ বা সংকটে দ্রুত মানুষের কাছে সহায়তা পৌঁছানো সম্ভব হয়। দেশের বিদ্যমান মজুত দিয়ে জনগণের চাহিদা অনুযায়ী সুশৃঙ্খলভাবে খাদ্য সরবরাহ অব্যাহত থাকবে।

খাদ্য সংরক্ষণে অনিয়ম বা অব্যবস্থাপনার বিষয়ে কড়া সতর্কবার্তা দিয়ে আফরোজা খানম রিতা বলেন, অনিয়মের সঙ্গে জড়িত কাউকে সামান্যতম ছাড় দেওয়া হবে না। সম্প্রতি মানিকগঞ্জের ঘিওর উপজেলা খাদ্য গুদামে অনিয়ম পাওয়ার পরপরই জড়িতদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হয়েছে এবং এ কঠোরতা অব্যাহত থাকবে।

পরিদর্শনকালে জেলা প্রশাসনের কর্মকর্তা, জেলা খাদ্য নিয়ন্ত্রকসহ খাদ্য বিভাগের সংশ্লিষ্ট ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।