↩ নিউজ
প্রিন্ট এর তারিখঃ ২ সেপ্টেম্বর ২০২৬, ২:১২ পি.এম || প্রকাশের তারিখঃ ৩১ আগস্ট ২০২৬, ২:১১ পি.এম

গ্রামাঞ্চলের মানুষ ঘরে বসে উন্নত চিকিৎসাসেবা পাবেন: স্বাস্থ্যমন্ত্রী সরদার সাখাওয়াত হোসেন

✍️ প্রতিবেদক: দীপ্ত বাংলাদেশ নিউজ ডেস্ক

গ্রামাঞ্চলের সাধারণ মানুষের চিকিৎসা সুবিধা হাতের নাগালের মধ্যে নিয়ে আসতে বড় ধরনের উদ্যোগ গ্রহণ করেছে বর্তমান সরকার। এই কর্মসূচির অংশ হিসেবে সারা দেশের উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সগুলোকে ৫০ শয্যা থেকে বাড়িয়ে ১৫১ শয্যায় উন্নীত করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

রোববার (৩০ আগস্ট) সকাল ৯টায় ফরিদপুরের চরভদ্রাসন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স আকস্মিকভাবে পরিদর্শনের পর সাংবাদিকদের ব্রিফিংকালে এসব কথা নিশ্চিত করেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণমন্ত্রী সরদার সাখাওয়াত হোসেন।

স্বাস্থ্যমন্ত্রী জানান, ১৫১ শয্যার আধুনিকায়িত এসব হাসপাতালে নারীদের জন্য ২০টি, শিশুদের জন্য ২০টি এবং কিডনি রোগীদের সুবিধার্থে ১০টি বিশেষ ডায়ালাইসিস শয্যা অন্তর্ভুক্ত থাকবে। একই সাথে পুরো চিকিৎসাসেবা প্রদান ব্যবস্থা আধুনিকায়ন ও ডিজিটাইজেশনের আওতায় আনা হবে, যাতে গ্রামের মানুষকে অতিরিক্ত টাকা খরচ করে আর শহরে দৌড়াতে না হয়।

চরভদ্রাসন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের সার্বিক চিকিৎসাসেবার মান, পরিষ্কার-পরিচ্ছন্নতা ও ডাক্তারদের উপস্থিতিতে সন্তোষ প্রকাশ করেন মন্ত্রী। রোগীরা নিয়মিত সরকারি ওষুধ পাচ্ছেন উল্লেখ করলেও দায়িত্ব পালনে অবহেলার কারণে অনুপস্থিত থাকা এক কর্মচারীর বিরুদ্ধে তাৎক্ষণিক ব্যবস্থা গ্রহণ করা হয়েছে বলে তিনি জানান।

ইতিহাসের প্রসঙ্গ টেনে মন্ত্রী বলেন, শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান তৎকালীন সময়ে ৩১ শয্যাবিশিষ্ট হাসপাতাল চালু করেছিলেন এবং পরবর্তীতে বেগম খালেদা জিয়া সেগুলো ৫০ শয্যায় উন্নীত করেন। প্রধানমন্ত্রীর প্রধান নির্বাচনি ইশতেহার অনুযায়ী চরভদ্রাসনসহ সব উপজেলা হাসপাতালে আধুনিক যন্ত্রপাতি, প্যাথলজি ও পর্যাপ্ত জনবল নিয়োগ নিশ্চিত করে এই রূপান্তর ঘটানো হবে।

পরিদর্শনকালে স্বাস্থ্যমন্ত্রীর সাথে চরভদ্রাসন উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মো. জুলহাস হোসেন সৌরভ, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. হাফিজুর রহমান, চরভদ্রাসন থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ সফর আলী এবং স্বাস্থ্যমন্ত্রীর একান্ত সচিব এবিএম ইফতেখারুল ইসলামসহ স্থানীয় কর্মকর্তারা উপস্থিত ছিলেন।