↩ নিউজ
প্রিন্ট এর তারিখঃ ২ সেপ্টেম্বর ২০২৬, ২:১৩ পি.এম || প্রকাশের তারিখঃ ৩১ আগস্ট ২০২৬, ৩:১৮ পি.এম

আইনশৃঙ্খলা উন্নয়ন ও মাদক নিয়ন্ত্রণে যৌথ এবং সমন্বিত উদ্যোগ জরুরি: প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী

✍️ প্রতিবেদক: দীপ্ত বাংলাদেশ নিউজ ডেস্ক

গণতান্ত্রিক সরকারের প্রতি জনগণের প্রত্যাশা পূরণে প্রশাসন, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী, জনপ্রতিনিধি ও নাগরিক সমাজকে নিজ নিজ দায়িত্ব নিষ্ঠার সঙ্গে পালন করার আহ্বান জানিয়েছেন মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু। তিনি বলেন, দেশের সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নয়ন, মাদক নিয়ন্ত্রণ এবং একটি সুস্থ সমাজ গঠনে সমন্বিত উদ্যোগের কোনো বিকল্প নেই।

সোমবার (৩১ আগস্ট) ঢাকা জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে আয়োজিত জেলা আইনশৃঙ্খলা কমিটির বিশেষ সভা ও মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

মাদককে দেশের অন্যতম বড় সামাজিক সংকট হিসেবে আখ্যায়িত করে সুলতান সালাউদ্দিন টুকু বলেন, মাদকের বিস্তারের সঙ্গে সমানতালে অপরাধও বাড়ছে। তাই মাদক নিয়ন্ত্রণে আইনশৃঙ্খলা বাহিনীর কঠোর আইনি পদক্ষেপের পাশাপাশি ব্যাপক জনসচেতনতা সৃষ্টি ও সামাজিক আন্দোলন গড়ে তুলতে হবে।

কিশোর গ্যাংয়ের বিস্তার রোধে সংশ্লিষ্ট সব পক্ষকে সক্রিয় হওয়ার আহ্বান জানিয়ে প্রতিমন্ত্রী বলেন, বিগত ফ্যাসিবাদী সরকারের আমলে কিশোর গ্যাংয়ের যে বিস্তার ঘটেছিল, তার নেতিবাচক প্রভাব এখনো সমাজের বিভিন্ন স্তরে বিদ্যমান। তরুণদের অপরাধের পথ থেকে দূরে রাখতে পরিবার, শিক্ষাপ্রতিষ্ঠান, স্থানীয় প্রশাসন ও সমাজকে সম্মিলিতভাবে ভূমিকা রাখতে হবে।

সরকারি কর্মকর্তাদের উদ্দেশে তিনি বলেন, জনগণের কল্যাণ সাধন ও সুশাসন নিশ্চিত করাই প্রশাসনের মূল দায়িত্ব। প্রধানমন্ত্রী তারেক রহমানের ‘বাংলাদেশ ফার্স্ট’ দর্শন ধারণ করে সততা, দক্ষতা ও নিষ্ঠার সঙ্গে কাজ করলে সরকারের প্রতি জনগণের আস্থা আরও সুদৃঢ় হবে।

এ সময় পরিবেশ সংরক্ষণের ওপর গুরুত্বারোপ করে প্রতিমন্ত্রী নদী দূষণ ও শিল্পবর্জ্য ব্যবস্থাপনা রোধে কার্যকর পদক্ষেপ নেওয়ার নির্দেশ দেন। ভবিষ্যৎ প্রজন্মের জন্য একটি বাসযোগ্য দেশ গঠনে উন্নয়নের পাশাপাশি পরিবেশ সুরক্ষায় সবাইকে দায়িত্বশীল হওয়ার আহ্বান জানান তিনি।