কারিগরি ও বৃত্তিমূলক শিক্ষা ব্যবস্থার দুর্বলতা চিহ্নিত করে শিক্ষক সংকট সমাধানের উদ্যোগ: শিক্ষামন্ত্রী

চলতি বছরের এইচএসসি পরীক্ষা পেছানো হবে না বলে স্পষ্ট জানিয়ে দিয়েছেন শিক্ষামন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন। তিনি জানিয়েছেন, সার্বিক দিক বিবেচনা করে পবিত্র রমজান মাসের পরপরই এই পরীক্ষা আয়োজন করা হবে।
সোমবার (৩১ আগস্ট) সচিবালয়ে সাম্প্রতিক চীন সফর পরবর্তী আয়োজিত এক সংবাদ সম্মেলনে সাংবাদিকদের প্রশ্নের জবাবে শিক্ষামন্ত্রী এসব কথা বলেন।
ড. আ ন ম এহছানুল হক মিলন জানান, পরীক্ষা সংক্রান্ত যাবতীয় বিষয় বিবেচনা করেই রোজার পর সময়সূচি নির্ধারণ করা হয়েছে। আপাতত এই পরীক্ষা পেছানোর মতো কোনো পরিস্থিতি তৈরি হয়নি বা কারণ নেই।
একই সংবাদ সম্মেলনে দেশের কারিগরি ও বৃত্তিমূলক শিক্ষার উন্নয়ন নিয়ে কথা বলেন মন্ত্রী। তিনি উল্লেখ করেন, বর্তমান সরকার কারিগরি শিক্ষাকে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে এগিয়ে নিতে কাজ করছে। এই খাতের বিদ্যমান দুর্বলতা ও সীমাবদ্ধতাগুলো সরকারের জানা রয়েছে এবং সেখানে যেসব শিক্ষক সংকট রয়েছে, তা দ্রুত সমাধানের পদক্ষেপ নেওয়া হচ্ছে।
সংবাদ সম্মেলনে উপস্থিত প্রধানমন্ত্রীর শিক্ষা বিষয়ক উপদেষ্টা ড. মাহদী আমিন জানান, কারিগরি ও বৃত্তিমূলক শিক্ষা খাতে চীনের বৈশ্বিক সফলতা ও দীর্ঘদিনের অভিজ্ঞতা রয়েছে। চীনের আমন্ত্রণে নেওয়া এই সফরের মূল উদ্দেশ্য ছিল দেশটির অভিজ্ঞতাকে বাংলাদেশের শিক্ষা খাতে কাজে লাগানো।
উপদেষ্টা আরও জানান, দেশে পরিচালিত বিভিন্ন চীনা প্রতিষ্ঠানে স্থানীয় দক্ষ জনবল সরবরাহের লক্ষ্যে শিক্ষার তৃতীয় ভাষা হিসেবে ম্যান্ডারিন বা চীনা ভাষাকে অগ্রাধিকার দেওয়া হচ্ছে। এর মাধ্যমে দেশীয় কারিগরি ও বৃত্তিমূলক শিক্ষাকে বিশ্বমানে উন্নীত করার পরিকল্পনা রয়েছে সরকারের।