দেশের গণতন্ত্রকামী জনগণই বাংলাদেশ জাতীয়তাবাদী দলের রাজনৈতিক ক্ষমতার মূল উৎস: প্রধানমন্ত্রী

দেশের গণতন্ত্রকামী জনগণই বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) সব রাজনৈতিক ক্ষমতার মূল উৎস বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। তিনি বলেন, বিএনপির অপর নাম হলো একটি জনকল্যাণমূলক, গণতান্ত্রিক ও স্বনির্ভর বাংলাদেশ গড়ার অদম্য সংগ্রাম।
মঙ্গলবার (১ সেপ্টেম্বর) বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে সোমবার (৩১ আগস্ট) দেওয়া এক বিশেষ বাণীতে প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান এসব কথা বলেন। ঐতিহাসিক এই প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে তিনি দলের সর্বস্তরের নেতাকর্মী, সমর্থক, শুভানুধ্যায়ী এবং দেশবাসীকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানান।
বাণীতে প্রধানমন্ত্রী স্মরণ করেন যে, ১৯৭৮ সালের ১ সেপ্টেম্বর ঢাকার রমনা বটমূলের খোলা চত্বরে স্বাধীনতার ঘোষক ও সাবেক রাষ্ট্রপতি শহীদ জিয়াউর রহমান বিএনপি প্রতিষ্ঠা করেছিলেন। তিনি উল্লেখ করেন, ১৯৭৫ সালের একদলীয় বাকশাল শাসনের পর জিয়াউর রহমানই দেশে বহুমাত্রিক গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠা করেন এবং রুদ্ধ রাজনৈতিক অধিকার ফিরিয়ে দেন।
একই সঙ্গে তিনি সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন মরহুমা বেগম খালেদা জিয়াকে শ্রদ্ধাভরে স্মরণ করে বলেন, বেগম খালেদা জিয়া তাঁর বলিষ্ঠ নেতৃত্ব ও সম্মোহনী ব্যক্তিত্ব দিয়ে বিএনপিকে দেশের প্রতিটি ঘরে ঘরে পৌঁছে দিয়েছিলেন। পাশাপাশি দেশে গণতন্ত্র ও স্বাধীনতা সুরক্ষার সংগ্রামে জীবনদানকারী ও আহত সকল নেতাকর্মীর অবদানকেও তিনি স্মরণ করেন।
প্রধানমন্ত্রী বলেন, দীর্ঘ দেড় দশকের ফ্যাসিবাদী শাসনের অবসানের পর জনগণ অবাধ ও সুষ্ঠু নির্বাচনের মাধ্যমে আবারও বিএনপিকে রাষ্ট্র পরিচালনার দায়িত্ব দিয়েছে। জনগণের এই আস্থা ও বিশ্বাসের প্রতিদান দিতে সরকার একটি সুশাসিত ও জবাবদিহিমূলক জনকল্যাণমূলক রাষ্ট্র গঠনে নিরলসভাবে কাজ করে যাচ্ছে।