জনগণের মতামত ও ভোটাধিকারকে বিএনপি সর্বোচ্চ গুরুত্ব দেয়: প্রতিষ্ঠাবার্ষিকীতে রুহুল কবির রিজভী

জনগণের মতামত ও ভোটাধিকারকে বিএনপি সর্বদাই সর্বোচ্চ অগ্রাধিকার দিয়ে থাকে বলে মন্তব্য করেছেন দলটির ভারপ্রাপ্ত মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী। দেশের স্বাধীনতা-সার্বভৌমত্ব রক্ষা এবং জনগণের গণতান্ত্রিক অধিকার সুনিশ্চিত করাই বিএনপির রাজনীতির প্রধান লক্ষ্য বলে উল্লেখ করেন তিনি।
মঙ্গলবার (১ সেপ্টেম্বর) বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে দেওয়া এক বাণীতে রুহুল কবির রিজভী এসব কথা বলেন। ঐতিহাসিক এই প্রতিষ্ঠাবার্ষিকীর মাহেন্দ্রক্ষণে তিনি দলের সর্বস্তরের নেতাকর্মী, সমর্থক, শুভানুধ্যায়ী এবং দেশবাসীকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানান।
বাণীতে রুহুল কবির রিজভী বলেন, আজ থেকে ৪৮ বছর আগে দেশের এক চরম ক্রান্তিকালে স্বাধীনতার ঘোষক ও বহুদলীয় গণতন্ত্রের প্রবক্তা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের নেতৃত্বে বিএনপি প্রতিষ্ঠিত হয়। প্রতিষ্ঠাকাল থেকে দলটি জাতীয় স্বাধীনতা, সার্বভৌমত্ব ও গণতন্ত্র সুরক্ষায় নিরলস কাজ করে যাচ্ছে। এই দিনে তিনি শহীদ জিয়াউর রহমানের রুহের মাগফিরাত কামনা করেন।
একই সঙ্গে তিনি বিএনপির প্রতিষ্ঠাতা ও সাবেক রাষ্ট্রপতি শহীদ জিয়ার সহধর্মিনী, ‘গণতন্ত্রের মা’ মরহুমা বেগম খালেদা জিয়ার স্মৃতির প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করে তাঁর রুহের মাগফিরাত কামনা করেন। রিজভী উল্লেখ করেন, দুঃশাসনের সময় অসীম সাহসিকতা নিয়ে দুর্বার আন্দোলনে নেতৃত্ব দিয়ে বেগম খালেদা জিয়া বিএনপিকে দেশের প্রতিটি মানুষের অন্তরে পৌঁছে দিয়েছিলেন।
রিজভী আরও জানান, ‘বাংলাদেশি জাতীয়তাবাদ’, বহুদলীয় গণতন্ত্র ও শহীদ জিয়া প্রণীত ১৯ দফা কর্মসূচিই বিএনপির মূল আদর্শ ও ভিত্তি। তিনি বলেন, জুলাই-আগস্টের গণঅভ্যুত্থান এবং পরবর্তীতে অনুষ্ঠিত অবাধ নির্বাচনে জয়ের পর জনগণের প্রত্যাশা পূরণে প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারম্যান জনাব তারেক রহমান নিরলসভাবে কাজ করে যাচ্ছেন।
বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব নেতাকর্মীদের প্রতি আহ্বান জানিয়ে বলেন, গণতন্ত্রের পথচলা অক্ষুণ্ন রাখতে এবং জনগণের অধিকার যেন আর কোনো স্বৈরাচার হরণ করতে না পারে, সেজন্য সবাইকে ঐক্যবদ্ধ থাকতে হবে। ক্ষুধা, দারিদ্র্য, বেকারত্ব ও বৈষম্য দূর করে একটি সমৃদ্ধ, মানবিক ও ন্যায়ভিত্তিক বাংলাদেশ গঠনে প্রধানমন্ত্রী তারেক রহমানের হাতকে শক্তিশালী করার তাগিদ দেন তিনি।