বিএনপির ৪৮ বছরের উল্লেখযোগ্য ৪৮ অর্জন তুলে ধরলেন প্রধানমন্ত্রীর উপদেষ্টা মাহদী আমিন

বিএনপির দীর্ঘ পথচলায় দেশ ও জনগণের স্বার্থে অর্জিত সাফল্যের তালিকা অত্যন্ত বিশাল ও বিস্তৃত বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রীর উপদেষ্টা ও তার কার্যালয়ের মুখপাত্র মাহদী আমিন। দলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে তাঁর ব্যক্তিগত পর্যবেক্ষণ ও উপলব্ধির ভিত্তিতে ৪৮ বছরের ৪৮টি উল্লেখযোগ্য অর্জন তুলে ধরেছেন তিনি।
মঙ্গলবার (১ সেপ্টেম্বর) সন্ধ্যায় নিজের ভেরিফায়েড ফেসবুক অ্যাকাউন্ট থেকে দেওয়া এক পোস্টে মাহদী আমিন এই অর্জনগুলোর বিবরণ প্রকাশ করেন। তিনি উল্লেখ করেন, প্রতিষ্ঠাতা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের উৎপাদন ও উন্নয়নের রাজনীতি এবং দেশনেত্রী বেগম খালেদা জিয়ার আপসহীন আদর্শকে ধারণ করে প্রধানমন্ত্রী জনাব তারেক রহমানের দূরদর্শী নেতৃত্বে বিএনপি আজ এক গতিশীল ও ভবিষ্যৎমুখী শক্তিতে পরিণত হয়েছে।
মাহদী আমিনের সংকলিত ৪৮টি অর্জনের মধ্যে অন্যতম হলো ‘বাংলাদেশি জাতীয়তাবাদ’ দর্শনের প্রবর্তন, ঐতিহাসিক ১৯ দফা, স্বাধীন পররাষ্ট্রনীতি, বহুদলীয় গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠা, সংবাদপত্রের স্বাধীনতা, ওআইসি ও মুসলিম বিশ্বে শক্তিশালী ভূমিকা এবং সংবিধানে আল্লাহর ওপর পূর্ণ আস্থার বিধান সংযোজন।
অর্থনৈতিক ও অবকাঠামোগত অর্জনের তালিকায় তিনি তুলে ধরেন দেশব্যাপী খাল কাটা কর্মসূচি, তৈরি পোশাক শিল্পের সূচনা, বিদেশে জনশক্তি রপ্তানি, মুক্তবাজার অর্থনীতি, ভ্যাট চালু, প্রাইভেট বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠা, প্রথম ফ্লাইওভার নির্মাণ, টু-স্ট্রোক যান বন্ধ করে সিএনজি চালু এবং বেসরকারি খাতে মোবাইল যোগাযোগ উন্মুক্তকরণ।
এ ছাড়া সামাজিক সুরক্ষায় দ্বাদশ শ্রেণি পর্যন্ত বিনামূল্যে নারী শিক্ষা, স্বাধীন দুর্নীতি দমন কমিশন প্রতিষ্ঠা, কোস্ট গার্ড গঠন, কৃষকদের সুদসহ ঋণ মওকুফ, কৃষক কার্ড ও ফ্যামিলি কার্ডের প্রচলন, ধর্মীয় উপাসকদের জন্য মাসিক সম্মানী এবং রাষ্ট্র সংস্কারে প্রধানমন্ত্রী জনাব তারেক রহমানের ঘোষিত ৩১ দফাকে অন্যতম যুগান্তকারী পদক্ষেপ হিসেবে উল্লেখ করেন তিনি।
প্রধানমন্ত্রীর উপদেষ্টা আরও বলেন, শহীদ জিয়াউর রহমানের স্বনির্ভরতার দর্শন এবং বেগম খালেদা জিয়ার কল্যাণমুখী রাষ্ট্র পরিচালনার ধারাবাহিকতায় বর্তমান সরকার একটি সুশাসিত, ইনক্লুসিভ ও জবাবদিহিমূলক নতুন বাংলাদেশ বিনির্মাণে কাজ করে যাচ্ছে। প্রতিষ্ঠাবার্ষিকীর এই দিনে তিনি গণতন্ত্র পুনরুদ্ধারের লড়াইয়ে জীবনদানকারী ও নির্যাতনের শিকার সকল ত্যাগী নেতাকর্মীকে গভীর শ্রদ্ধায় স্মরণ করেন।