তারেক রহমানের নেতৃত্বে বাংলাদেশের উজ্জ্বল ভবিষ্যৎ দেখছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প

প্রধানমন্ত্রী জনাব তারেক রহমানের নেতৃত্বে বাংলাদেশ এবং এর জনগণের একটি উজ্জ্বল ভবিষ্যৎ রয়েছে বলে আশাবাদ প্রকাশ করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।
গতকাল সোমবার প্রধানমন্ত্রীকে পাঠানো এক বিশেষ চিঠিতে মার্কিন প্রেসিডেন্ট তাঁর এই দৃঢ় বিশ্বাসের কথা ব্যক্ত করেন। প্রধানমন্ত্রীর অতিরিক্ত প্রেস সচিব আতিকুর রহমান রুমন চিঠি পাওয়ার বিষয়টি নিশ্চিত করেছেন।
চিঠিতে ডোনাল্ড ট্রাম্প উল্লেখ করেন, বাংলাদেশ নানা প্রতিকূলতার মধ্য দিয়ে অতিক্রম করলেও জনাব তারেক রহমানের যোগ্য নেতৃত্বে দেশটি এবং এর জনগণ একটি সম্ভাবনাময় ও উজ্জ্বল ভবিষ্যতের দিকে এগিয়ে যাবে। একই সঙ্গে তিনি বাংলাদেশের জনগণের প্রতি তাঁর অন্তরের গভীর শুভেচ্ছা ও আন্তরিক ভালোবাসার কথা পুনর্ব্যক্ত করেন।
এ ছাড়া চিঠিতে যুক্তরাষ্ট্রের তৈরি বিশ্বখ্যাত বোয়িং উড়োজাহাজ কেনার সিদ্ধান্ত গ্রহণ করায় প্রধানমন্ত্রী জনাব তারেক রহমানকে বিশেষভাবে ধন্যবাদ জানান মার্কিন প্রেসিডেন্ট।
ট্রাম্প আশ্বাস প্রদান করে বলেন, বোয়িং কোম্পানি বাংলাদেশকে কোনোভাবেই হতাশ করবে না। একই সঙ্গে এ সংক্রান্ত বাণিজ্যিক প্রক্রিয়ায় প্রধানমন্ত্রীর ব্যক্তিগত মনোযোগ ও ভূমিকার কথা তিনি সব সময় স্মরণ রাখবেন বলেও চিঠিতে উল্লেখ করেন।