জিয়াউর রহমানের স্বপ্নের সুসংগঠিত ও স্বনির্ভর বাংলাদেশ গড়াই লক্ষ্য: আমির খসরু

বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমান বাংলাদেশকে একটি উন্নত, সমৃদ্ধ ও আত্মমর্যাদাশীল রাষ্ট্র হিসেবে গড়ে তোলার স্বপ্ন দেখেছিলেন বলে মন্তব্য করেছেন অর্থ ও পরিকল্পনামন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী। তিনি জানান, প্রতিষ্ঠার পর থেকেই দলটি জিয়াউর রহমানের দেশপ্রেম, আদর্শ ও রাজনৈতিক দর্শনকে ধারণ করে এগিয়ে চলেছে।
মঙ্গলবার (১ সেপ্টেম্বর) সকালে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে চট্টগ্রামের রাঙ্গুনিয়ায় জিয়াউর রহমানের প্রথম সমাধিতে পুষ্পস্তবক অর্পণ শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এসব কথা বলেন।
অর্থ ও পরিকল্পনামন্ত্রী বলেন, জিয়াউর রহমানের দেশপ্রেম, গণতন্ত্র, বহুদলীয় দৃষ্টিভঙ্গি ও জনগণের কল্যাণমুখী রাজনীতিই বিএনপির মূল শক্তির উৎস। জিয়াউর রহমানের প্রথম সমাধিতে শ্রদ্ধা নিবেদনের পর তাঁর আদর্শকে সামনে রেখে দেশ ও জাতির কল্যাণে কাজ করে যাওয়ার দৃঢ় প্রত্যয় প্রকাশ করেন তিনি।
আমির খসরু আরও উল্লেখ করেন, জিয়াউর রহমানের রাজনৈতিক দর্শনকে আরও গভীরভাবে ধারণ করে দলকে ভবিষ্যতে নতুন রূপের মাধ্যমে সুসংগঠিত ও শক্তিশালী করা হবে। তাঁর প্রদর্শিত পথ অনুসরণ করে দেশে গণতন্ত্র, মানুষের মৌলিক অধিকার এবং সামগ্রিক উন্নয়নের ধারাবাহিকতা বজায় রাখতে কাজ করবে সরকার।
শ্রদ্ধা নিবেদন শেষে জিয়াউর রহমানের রুহের মাগফিরাত কামনায় বিশেষ দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে রাউজানের সংসদ সদস্য গিয়াস উদ্দিন কাদের চৌধুরী, চট্টগ্রাম দক্ষিণ জেলা বিএনপির আহ্বায়ক ইদ্রিস মিয়া এবং চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যান প্রকৌশলী বেলায়েত হোসেনসহ বিএনপি ও এর বিভিন্ন অঙ্গসংগঠনের স্থানীয় শীর্ষ নেতারা উপস্থিত ছিলেন।