↩ নিউজ
প্রিন্ট এর তারিখঃ ২ সেপ্টেম্বর ২০২৬, ৩:২৪ এ.এম || প্রকাশের তারিখঃ ১ সেপ্টেম্বর ২০২৬, ১০:৪২ পি.এম

টিকা সংকট ও শিশুর মৃত্যু: ড. মুহাম্মদ ইউনূসসহ ছয়জনের বিরুদ্ধে ক্ষতিপূরণে রুল

✍️ প্রতিবেদক: দীপ্ত বাংলাদেশ নিউজ ডেস্ক

টিকার সংকট ও সরবরাহ ব্যবস্থাপনায় গাফিলতির কারণে হামে আক্রান্ত হয়ে সাত মাস বয়সী এক শিশুর মৃত্যুর ঘটনায় তার পরিবারকে ১ কোটি টাকা ক্ষতিপূরণ কেন দেওয়া হবে না, তা জানতে চেয়ে রুল জারি করেছেন হাইকোর্ট। একই সঙ্গে আগামী চার সপ্তাহের মধ্যে ড. মুহাম্মদ ইউনূসসহ ছয় বিবাদীকে এই রুলের জবাব দিতে বলা হয়েছে।

মঙ্গলবার (১ সেপ্টেম্বর) রিট আবেদনের প্রাথমিক শুনানি শেষে বিচারপতি রাজিক-আল-জলিল ও বিচারপতি দেবাশীষ রায় চৌধুরীর সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ এ আদেশ দেন। আদালতে রিটের পক্ষে শুনানি করেন আইনজীবী জুয়েল আজাদ, যাকে সহযোগিতা করেন আইনজীবী আবিদা আসমা প্রমি।

মামলার বিবরণ থেকে জানা যায়, গত ২৬ মে রাজধানীর শ্যামলীর বেবি কেয়ার অ্যান্ড জেনারেল হাসপাতালে হামে আক্রান্ত হয়ে সুপ্রিম কোর্ট বার অ্যাসোসিয়েশনের ক্লার্ক মো. শাকিলের সাত মাস বয়সী ছেলে সাফওয়ান ইসলাম জাহিন মারা যায়। টিকা সরবরাহ ও চিকিৎসায় গাফিলতির অভিযোগ তুলে শিশুটির বাবা শাকিলের পক্ষে গত ৬ জুলাই হাইকোর্টে রিট আবেদনটি করেন আইনজীবী মো. জুয়েল আজাদ।

রিটে অন্তর্বর্তীকালীন সময়ে ৫ লাখ টাকা এবং চূড়ান্তভাবে ১ কোটি টাকা ক্ষতিপূরণের নির্দেশনার পাশাপাশি জনস্বাস্থ্য বিশেষজ্ঞদের সমন্বয়ে একটি স্বাধীন তদন্ত কমিটি গঠনের আবেদন জানানো হয়। রিট আবেদনে অন্তর্বর্তী সরকারের সাবেক প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস, স্বাস্থ্য সচিব, স্বাস্থ্যসেবা বিভাগের সচিব, স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক, সমাজকল্যাণ সচিব এবং দর্শনাসহ ঢাকার জেলা প্রশাসককে বিবাদী করা হয়েছে।

এর পাশাপাশি ২০২৪ সালের জানুয়ারি থেকে টিকা সংগ্রহ, সরবরাহ ও মজুত-সংক্রান্ত যাবতীয় নথি আদালতে দাখিলের নির্দেশনা চাওয়া হয়েছে। আইনজীবী জানান, ২০২৪ সালের আগস্ট থেকে ২০২৬ সালের ফেব্রুয়ারি পর্যন্ত সময়ে টিকার সংগ্রহ ও ব্যবস্থাপনা ব্যাহত হয়েছিল কি না এবং সেখানে কারো অবহেলা ছিল কি না—তা তদন্তের মাধ্যমে আদালতের সামনে উপস্থাপন করা প্রয়োজন।