↩ নিউজ
প্রিন্ট এর তারিখঃ ৪ সেপ্টেম্বর ২০২৬, ১২:৪৪ পি.এম || প্রকাশের তারিখঃ ৩ সেপ্টেম্বর ২০২৬, ৪:২৯ পি.এম

মাদকমুক্ত ও নৈতিকতাসম্পন্ন জাতি গঠনে কাজ করছে সরকার: শিক্ষামন্ত্রী

✍️ প্রতিবেদক: দীপ্ত বাংলাদেশ নিউজ ডেস্ক

দেশ ও ভবিষ্যৎ প্রজন্মকে মাদকমুক্ত এবং উন্নত নৈতিকতাসম্পন্ন হিসেবে গড়ে তুলতে সরকার শিক্ষার ওপর সর্বোচ্চ গুরুত্ব দিয়ে কাজ করছে বলে জানিয়েছেন শিক্ষা এবং প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন।

বুধবার (২ সেপ্টেম্বর) আন্তর্জাতিক মাতৃভাষা ইনস্টিটিউটে ‘২০২৫ সালের এসএসসি ও এইচএসসি পরীক্ষায় জিপিএ-৫ প্রাপ্ত মেধাবী স্কাউট ও রোভার স্কাউটদের সংবর্ধনা’ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

শিক্ষামন্ত্রী বলেন, শিক্ষার্থীদের সুপ্ত প্রতিভা বিকাশ ও কর্মমুখী দক্ষতা বাড়ানোর লক্ষ্যে শিক্ষাক্রমের মধ্যে খেলাধুলা ও কারিগরি শিক্ষাকে অন্তর্ভুক্ত করা হচ্ছে। এছাড়া শিক্ষার মান ও উপস্থিতি বাড়াতে দেশব্যাপী বিনামূল্যে স্কুল ড্রেস বিতরণ এবং প্রাথমিক বিদ্যালয়গুলোতে ‘মিডডে মিল’ চালুর পরিকল্পনা নেওয়া হয়েছে। পাশাপাশি স্কাউটিংয়ের পরিধি সম্প্রসারণ ও মানোন্নয়নে পৃথক একটি বিশেষ স্কিম গ্রহণ করা হয়েছে।

স্কাউটিং চর্চার সুফল তুলে ধরে মন্ত্রী আরও উল্লেখ করেন, স্কাউট আন্দোলনের মাধ্যমে তরুণদের মাঝে জনসেবা, নেতৃত্বের গুণাবলি এবং দেশপ্রেমের অনুভূতি গড়ে ওঠে। কীভাবে মানুষকে ভালোবাসতে হয় এবং দেশের প্রয়োজনে আত্মত্যাগ করতে হয়তা স্কাউটিং শেখায়।

তিনি দেশের মেধাবী তরুণদের সর্বপ্রধান সম্পদ হিসেবে অভিহিত করে বলেন, আগামী দিনের নতুন বাংলাদেশ গঠনে তরুণদের মেধা ও দক্ষতাকে সঠিকভাবে কাজে লাগাতে হবে। দেশের বিশাল জনসংখ্যাকে যদি যোগ্য জনসম্পদে রূপান্তর করা সম্ভব হয়, তবে ভবিষ্যতে বাংলাদেশ বিশ্ব দরবারে নেতৃত্ব দিতে সক্ষম হবে।

অনুষ্ঠানে ২০২৫ সালের এসএসসি ও এইচএসসি পরীক্ষায় জিপিএ-৫ অর্জনকারী মোট ৫৮০ জন মেধাবী স্কাউট ও রোভার স্কাউটকে প্রাতিষ্ঠানিক সংবর্ধনা দেওয়া হয়। কৃতী এসব শিক্ষার্থীদের প্রত্যেককে একটি করে সম্মাননা সনদ (সার্টিফিকেট), মেডেল এবং নগদ ২ হাজার টাকা করে প্রদান করা হয়।