টেকসই কর্মসংস্থান ও শ্রমিক অধিকার রক্ষায় সরকার দৃঢ়প্রতিজ্ঞ: সোনারগাঁওয়ে উপদেষ্টা মাহদী আমিন

দেশে মানসম্মত কর্মসংস্থানের সুযোগ সৃষ্টির মাধ্যমে একটি টেকসই, নিরাপদ ও মর্যাদাপূর্ণ কর্মপরিবেশ গড়ে তোলার সংকল্প ব্যক্ত করেছেন প্রধানমন্ত্রীর শ্রম ও কর্মসংস্থান এবং প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান উপদেষ্টা মাহদী আমিন। একই সঙ্গে শ্রমশক্তির দক্ষতা বৃদ্ধি, অর্থনীতিকে প্রাতিষ্ঠানিক রূপ দেওয়া এবং নারীদের অর্থনৈতিক ক্ষমতায়ন নিশ্চিত করাই বর্তমান সরকারের মূল লক্ষ্য বলে জানিয়েছেন তিনি।
শুক্রবার (৪ সেপ্টেম্বর) রাজধানীর সোনারগাঁও হোটেলে বাংলাদেশ ইনস্টিটিউট অব লেবার স্টাডিজ-বিলসের উদ্যোগে আয়োজিত ‘কাজের ভবিষ্যৎ: সবার জন্য মর্যাদাপূর্ণ কাজ এবং সামাজিক সুরক্ষা’ শীর্ষক সিম্পোজিয়ামে প্রধানমন্ত্রীর কার্যালয়ের এই মুখপাত্র এসব কথা বলেন।
মাহদী আমিন বলেন, বৈশ্বিক সব প্রতিকূলতা মোকাবিলা করে শিল্পকারখানার উৎপাদনশীলতা বজায় রাখা এবং শ্রমিকদের ন্যায্য অধিকার সুরক্ষায় সরকার নীতিগত সহায়তা দিতে প্রস্তুত। কোনো অনাকাঙ্ক্ষিত কারণে যেন কলকারখানা বন্ধ না হয়, সেজন্য মালিক-শ্রমিক সুসম্পর্ক ও স্থিতিশীল শিল্পবান্ধব পরিবেশ বজায় রাখার ওপর জোর দেন তিনি। সরকারের মূল স্পিরিট ‘করব কাজ, গড়ব দেশ; সবার আগে বাংলাদেশ’ উল্লেখ করে তিনি বলেন, মালিক ও শ্রমিক যখন কাঁধে কাঁধ মিলিয়ে কাজ করবেন, তখনই বাংলাদেশের উন্নয়নযাত্রা নতুন গতি পাবে।
দেশের বিশাল নারী জনগোষ্ঠী ও তরুণদের ডেমোগ্রাফিক ডিভিডেন্ড কাজে লাগানোর ওপর গুরুত্বারোপ করেন প্রধানমন্ত্রীর উপদেষ্টা। তিনি জানান, তৈরি পোশাক খাতসহ সামগ্রিক অর্থনীতিতে নারীদের ক্ষমতায়ন সুদৃঢ় করতে সরকার ‘ফ্যামিলি কার্ড স্কিম’ ও কর্মক্ষেত্রে ডে-কেয়ার সুবিধাসংক্রান্ত নীতি জোরদার করছে। পাশাপাশি জ্বালানি সংকট ও মধ্যপ্রাচ্যের অস্থিতিশীলতার মধ্যেও প্রধানমন্ত্রীর সরাসরি নির্দেশনায় কারখানা চালু রাখা এবং গত দুই ঈদে শ্রমিকদের বেতন-বোনাস সময়মতো পরিশোধ নিশ্চিত করা সম্ভব হয়েছে।
আইনের শাসন, বাকস্বাধীনতা ও সাম্য প্রতিষ্ঠার মাধ্যমে একটি জবাবদিহিমূলক বাংলাদেশ গড়ার অঙ্গীকার ব্যক্ত করে মাহদী আমিন জানান, বর্তমান সরকার জনগণের প্রত্যক্ষ ভোটে নির্বাচিত হয়ে দায়িত্ব নিয়েছে এবং শ্রমজীবী মানুষের ভূমিকা এতে অত্যন্ত তাৎপর্যপূর্ণ ছিল।
অনুষ্ঠানে অন্যদের মধ্যে বক্তব্য দেন প্রধানমন্ত্রীর উপদেষ্টা ও বিএনপির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান, জাতীয়তাবাদী শ্রমিক দলের কেন্দ্রীয় সমন্বয়ক ও সংসদ সদস্য অ্যাডভোকেট শামসুর রহমান শিমুল বিশ্বাস, বিলসের প্রতিনিধি মো. মজিবুর রহমান ভূঁইয়া ও সৈয়দ সুলতান উদ্দিন আহম্মেদসহ শীর্ষস্থানীয় শ্রমিক নেতারা।