ন্যায্য মজুরি কোনো অনুগ্রহ নয়, এটি শ্রমিকের মৌলিক প্রাপ্য: উপদেষ্টা মাহদী আমিন

শ্রমজীবী মানুষকে জাতীয় অর্থনীতির মূল চালিকাশক্তি হিসেবে উল্লেখ করে তাঁদের টেকসই নিরাপত্তা, সামাজিক মর্যাদা ও প্রযুক্তিগত দক্ষতা বৃদ্ধির ওপর বিশেষ গুরুত্বারোপ করেছেন প্রধানমন্ত্রীর শ্রম ও কর্মসংস্থান এবং প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান উপদেষ্টা মাহদী আমিন।
শনিবার (৫ সেপ্টেম্বর) দুপুরে রাজধানীর কাকরাইলের ইনস্টিটিউশন অব ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্সে বাংলাদেশ ইনস্টিটিউট অব লেবার স্টাডিজের (বিলস) সম্মেলন ও সাধারণ সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। ‘মর্যাদা, অধিকার, ন্যায্য হিস্যা নিশ্চিতে এগিয়ে যাবার প্রত্যয়’ শীর্ষক এই সভার আয়োজন করা হয়।
প্রধানমন্ত্রীর কার্যালয়ের এই মুখপাত্র বলেন, শ্রমিকেরা কেবল দৈহিক শ্রম দেন না, বরং তাঁরাই দেশের অর্থনীতির চাকাকে সচল রাখেন। ফলে ন্যায্য মজুরি প্রদান কোনো অনুকম্পা নয়, এটি তাঁদের আইনগত ও মৌলিক অধিকার। একই সঙ্গে বৈশ্বিক অর্থনৈতিক বাজারের পরিবর্তন ও প্রযুক্তিগত চাহিদার কথা বিবেচনায় নিয়ে তরুণ প্রজন্মকে আধুনিক ও মানসম্মত কর্মসংস্থানের (ডিসেন্ট জব) উপযোগী করে গড়ে তোলার জোর আহ্বান জানান তিনি।
শিল্পখাতের দীর্ঘমেয়াদি স্থিতিশীলতা বজায় রাখতে মালিক ও শ্রমিকের সুসম্পর্ক এবং অংশীদারিত্বের ওপর গুরুত্ব দেন মাহদী আমিন। তিনি উল্লেখ করেন, উভয় পক্ষের সম্পর্ক কেবল আনুষ্ঠানিকতায় সীমাবদ্ধ না রেখে আস্থা ও পারস্পরিক নির্ভরতায় রূপ দিতে হবে। সরকার মূলত ‘ত্রিপক্ষীয় পরামর্শ ব্যবস্থা’ (ট্রাইপারটাইট কনসালটেশন)-এর মাধ্যমেই দেশীয় শিল্প খাতকে দ্রুত সামনে এগিয়ে নেওয়ার রূপরেখা বাস্তবায়ন করছে।
দেশের সার্বিক রাজনৈতিক ও গণতান্ত্রিক পথযাত্রায় শ্রমজীবী মানুষের ত্যাগ ও ঐতিহাসিক অবদানের কথা গভীর শ্রদ্ধার সঙ্গে স্মরণ করেন উপদেষ্টা। পাশাপাশি শ্রমজীবী পরিবারগুলোর সামাজিক সুরক্ষায় সরকারের গৃহীত পদক্ষেপ তুলে ধরে তিনি জানান, ‘ফ্যামিলি কার্ড’ প্রকল্পের সুফল ইতিমধ্যে শ্রমজীবী নারীদের মাঝেও পৌঁছানো শুরু হয়েছে।
সম্মেলন ও সাধারণ সভায় অন্যান্যের মধ্যে আরও বক্তব্য দেন প্রধানমন্ত্রীর রাজনৈতিক ও কৃষি বিষয়ক উপদেষ্টা এবং বিলসের মহাসচিব নজরুল ইসলাম খান, সমাজকল্যাণমন্ত্রী অধ্যাপক ডা. এজেডএম জাহিদ হোসেন, জাতীয়তাবাদী শ্রমিক দলের কেন্দ্রীয় সমন্বয়ক অ্যাডভোকেট শামসুর রহমান শিমুল বিশ্বাস, আইএলওর কান্ট্রি ডিরেক্টর ম্যাক্স টুনন, এনজিও বিষয়ক ব্যুরোর মহাপরিচালক মোহাম্মদ জকরিয়া, শ্রম সচিব আব্দুর রহমান তরফদার এবং বিলসের চেয়ারম্যান মো. মজিবুর রহমান ভূঁইয়া।