↩ নিউজ
প্রিন্ট এর তারিখঃ ৬ সেপ্টেম্বর ২০২৬, ২:৩৪ এ.এম || প্রকাশের তারিখঃ ৫ সেপ্টেম্বর ২০২৬, ১০:০৮ পি.এম

ভালভ জটিলতায় অনিশ্চিত রূপপুরের প্রথম ইউনিটের বিদ্যুৎ উৎপাদন

✍️ প্রতিবেদক: দীপ্ত বাংলাদেশ নিউজ ডেস্ক

রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের ১ নম্বর ইউনিটে পাইলট-অপারেটেড রিলিফ ভালভ জটিলতার কারণে নির্ধারিত সময়ে জাতীয় গ্রিডে বিদ্যুৎ যুক্ত হওয়া সম্ভব হচ্ছে না বলে জানিয়েছেন বিজ্ঞান ও প্রযুক্তিমন্ত্রী ফকির মাহবুব আনাম। উদ্ভূত কারিগরি সমস্যা খতিয়ে দেখতে এবং প্রয়োজনীয় সমাধান দিতে রাশিয়া থেকে একটি প্রতিনিধি ও বিশেষজ্ঞ দল বাংলাদেশে আসছে।

এক সংবাদ সম্মেলনে মন্ত্রী নিশ্চিত করেন যে, সেফটি ভালভের ত্রুটি সংক্রান্ত বিষয়টি গোপন না করে সরকার দ্রুত সমাধানের পথ খুঁজছে। তিনি জানান, প্রয়োজন হলে ২ নম্বর ইউনিটের ভালভ এনে ১ নম্বর ইউনিটে প্রতিস্থাপন করা হবে অথবা রুশ কারিগরি টিমকে সম্ভাব্য সংক্ষিপ্ত সময়ের মধ্যে বিদ্যমান ভালভটি সংস্কারের নির্দেশ দেওয়া হবে।

পরমাণু শক্তি কমিশনের সংশ্লিষ্ট কর্মকর্তাদের মতে, বর্তমান কারিগরি পরিস্থিতি ও ভালভ জটিলতার কারণে চলতি বছরের মধ্যে ১ম ইউনিট থেকে বাণিজ্যিকভাবে বিদ্যুৎ উৎপাদন শুরু হওয়ার কোনো সম্ভাবনা নেই বললেই চলে।

উল্লেখ্য, রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের দুটি ইউনিট পুরোপুরি সচল হলে জাতীয় গ্রিডে মোট ২ হাজার ৪০০ মেগাওয়াটের বেশি বিদ্যুৎ যুক্ত হওয়ার কথা রয়েছে। প্রকল্পটির বাস্তবায়নে দেশের সার্বিক বিদ্যুৎ ঘাটতি মেটানোর পাশাপাশি অভ্যন্তরীণ গ্যাস ও আমদানি করা তরল জ্বালানির ওপর নির্ভরতা অনেকাংশে কমে আসবে বলে আশা করা হচ্ছিল।

প্রকল্পের মূল সময়সূচি অনুযায়ী, প্রথম ইউনিট ২০২২ সালের ডিসেম্বর এবং দ্বিতীয় ইউনিট ২০২৩ সালের অক্টোবরে চালু হওয়ার কথা ছিল। তবে বিশ্বব্যাপী করোনা মহামারি এবং রাশিয়া-ইউক্রেন যুদ্ধের প্রভাবে প্রকল্পের কাজের অগ্রগতি বারবার বাধাগ্রস্ত হয়। চলতি বছর প্রথম ইউনিট সচল করার লক্ষ্যমাত্রা রাখা হলেও নতুন করে সেফটি ভালভের ত্রুটি দেখা দেওয়ায় সেই সময়সূচিও এখন অনিশ্চয়তার মুখে পড়ল।