↩ নিউজ
প্রিন্ট এর তারিখঃ ৭ সেপ্টেম্বর ২০২৬, ৩:০২ এ.এম || প্রকাশের তারিখঃ ৬ সেপ্টেম্বর ২০২৬, ২:৫৯ পি.এম

রোহিঙ্গা সংকট এখন আঞ্চলিক নিরাপত্তার হুমকি: স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ

✍️ প্রতিবেদক: দীপ্ত বাংলাদেশ নিউজ ডেস্ক

রোহিঙ্গা সংকট এখন আর কেবল মানবিক সহায়তার জায়গায় সীমাবদ্ধ নেই; দীর্ঘদিন ধরে বিপুল সংখ্যক বাস্তুচ্যুত জনগোষ্ঠীর উপস্থিতি বাংলাদেশের জন্য যেমন চরম অর্থনৈতিক ও সামাজিক চাপ তৈরি করছে, তেমনি এটি সমগ্র আঞ্চলিক নিরাপত্তার জন্যও বড় ধরনের হুমকি বাড়াচ্ছে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ।

রোববার (৬ সেপ্টেম্বর) সকালে রাজধানীর বিআইআইএসএস অডিটোরিয়ামে ইন্সটিটিউট ফর গ্লোবাল কো-অপারেশন ফাউন্ডেশন আয়োজিত ‘রোহিঙ্গা সংকট নিয়ে উদ্ভূত চ্যালেঞ্জ ও সমাধানের কৌশল’ শীর্ষক এক গোলটেবিল বৈঠকে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

স্বরাষ্ট্রমন্ত্রী উল্লেখ করেন, মিয়ানমারের রাখাইন রাজ্য থেকে রোহিঙ্গা ঢলের নয় বছরের বেশি সময় অতিক্রান্ত হতে চলেছে। ফলে কেবল নিয়মিত সংকট ব্যবস্থাপনার মধ্যে সীমাবদ্ধ থাকা আর যথেষ্ট নয়। রাখাইনে নিরাপদ পরিবেশ তৈরির মাধ্যমে রোহিঙ্গাদের নিজ জন্মভূমিতে ফিরিয়ে দিতে দ্রুততম সময়ে জাতীয় ও আন্তর্জাতিক কৌশল পুনর্নির্ধারণ (রি-ফ্রেমিং) করা জরুরি হয়ে পড়েছে।

আন্তর্জাতিক মহলের প্রতি বিশেষ আহ্বান জানিয়ে মন্ত্রী বলেন, বাস্তুচ্যুত মিয়ানমার নাগরিকদের মর্যাদার সঙ্গে নিজ দেশে ফেরত পাঠাতে আন্তর্জাতিক সম্প্রদায়ের অব্যাহত সমর্থন প্রয়োজন। বিশ্বের বিভিন্ন অঞ্চলে নতুন নতুন সংঘাত তৈরি হলেও মানবিক ও নিরাপত্তাগত দিক বিচারে রোহিঙ্গা ইস্যুটি যেন বৈশ্বিক নজরের বাইরে চলে না যায়, সে বিষয়ে জাতিসংঘ, বিশ্বের প্রভাবশালী রাষ্ট্র এবং মানবাধিকার সংস্থাগুলোকে সজাগ থাকার অনুরোধ জানান তিনি।

সংকটের স্থায়ী সমাধানের স্বার্থে আন্তর্জাতিক মহলের প্রত্যক্ষ সহযোগিতায় বাংলাদেশে আশ্রয় নেওয়া প্রায় ১৫ লাখ রোহিঙ্গাকে নিরাপদ ও মর্যাদাপূর্ণ প্রক্রিয়ায় মিয়ানমারে প্রত্যাবাসনের বিষয়টি বিশ্ব রাজনীতি ও আন্তর্জাতিক রাডারে আরও জোরালোভাবে তুলে ধরার ওপর জোর দেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ।