বিগত ১৭ বছরের দুর্নীতির ওপর অন্তর্বর্তী সরকারের শ্বেতপত্র অনুসারেই পদক্ষেপ নেওয়া হচ্ছে: প্রধানমন্ত্রী তারেক রহমান

বিগত ১৭ বছরের অর্থনৈতিক অনিয়ম ও দুর্নীতির ওপর অন্তর্বর্তীকালীন সরকারের তৈরি শ্বেতপত্রকে (হোয়াইট পেপার) ভিত্তি হিসেবে ধরে নিয়েই বর্তমান সরকার সব ধরনের নীতিগত পদক্ষেপ গ্রহণ করছে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান।
বুধবার (৯ সেপ্টেম্বর) জাতীয় সংসদে প্রধানমন্ত্রীর প্রশ্নোত্তর পর্বে কুমিল্লা-১০ আসনের সংসদ সদস্য মোবাশ্বের আলম ভুঁইয়ার এক সম্পূরক প্রশ্নের জবাবে প্রধানমন্ত্রী সংসদকে এই তথ্য জানান।
জনাব তারেক রহমান বলেন, অন্তর্বর্তীকালীন সরকার গঠিত বিশেষ কমিটি দেশের মানুষের সামনে যে শ্বেতপত্র প্রকাশ করেছিল, সেখানে দেশের অর্থনীতির একটি স্পষ্ট ও সামগ্রিক চিত্র ফুটে উঠেছে। সেই রিপোর্ট বা শ্বেতপত্রটি খতিয়ে দেখলে দেশের বাস্তব পরিস্থিতি অনুধাবন করা সম্ভব। বর্তমান নির্বাচিত সরকার সেই প্রতিবেদনকে সামনে রেখে যা যা পদক্ষেপ নেওয়া প্রয়োজন, পর্যায়ক্রমে তা গ্রহণ করছে।
এদিকে সরকারি বিভিন্ন উন্নয়ন প্রকল্পের বারবার মেয়াদ ও ব্যয় বৃদ্ধি সম্পর্কিত অপর এক প্রশ্নের জবাবে প্রধানমন্ত্রী জানান, এই সমস্যাটি কোনো একক কারণে তৈরি হয় না। বরং প্রকল্প প্রণয়ন, অনুমোদন, ভূমি অধিগ্রহণ, অর্থায়ন, ক্রয় প্রক্রিয়া ও ব্যবস্থাপনার বহুবিধ দুর্বলতা একসঙ্গে যুক্ত হয়ে এই সংকট তৈরি করে।
বিষয়টি সরকারের দৃষ্টিগোচর হওয়ার পর ইতিমধ্যে কারণ চিহ্নিত করে কঠোর ব্যবস্থা গ্রহণ করা হয়েছে বলে জানান তিনি। প্রকল্প বাস্তবায়নে বিলম্বের প্রধান কারণ হিসেবে দুর্বল ফিজিবিলিটি স্টাডি, অপরিকল্পিত ব্যয় প্রাক্কলন, ভূমি অধিগ্রহণ ও ইউটিলিটি স্থানান্তরে দেরি, বিলম্বে প্রকল্প পরিচালক নিয়োগ, দুর্বল তদারকি এবং আন্তঃমন্ত্রণালয় সমন্বয়ের অভাবকে দায়ী করেন প্রধানমন্ত্রী।