সামাজিক সম্প্রীতি রক্ষা ও অবক্ষয়মূলক কনটেন্ট প্রতিরোধই সরকারের লক্ষ্য: তথ্যমন্ত্রী আন্দালিভ রহমান

সামাজিক যোগাযোগমাধ্যমে বিশৃঙ্খলা থামিয়ে সম্প্রীতি রক্ষা এবং জনপরিসরে নৈতিক অবক্ষয়মূলক কনটেন্ট প্রতিরোধ করাই সরকারের অন্যতম লক্ষ্য বলে জানিয়েছেন তথ্য ও সম্প্রচারমন্ত্রী আন্দালিভ রহমান। একই সঙ্গে মুক্তচিন্তা, সংবাদমাধ্যমের স্বাধীনতা বা সাংবাদিকদের দমনের উদ্দেশ্যে কোনো আইন করা হচ্ছে না বলেও স্পষ্ট বার্তা দিয়েছেন তিনি।
বৃহস্পতিবার (১০ সেপ্টেম্বর) সচিবালয়ে তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে ‘সাইবার সুরক্ষা (সংশোধন) আইন, ২০২৬’-এর খসড়া পর্যালোচনা সভা শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন।
তথ্যমন্ত্রী বলেন, অতীতে ডিজিটাল সিকিউরিটি অ্যাক্টসহ বিভিন্ন নিপীড়নমূলক আইনের মাধ্যমে সংবাদমাধ্যমকে থামিয়ে রাখার প্রবণতা ছিল। বর্তমান সরকার সে বিষয়ে অত্যন্ত সতর্ক। খসড়া আইনে যেন এমন কোনো দ্ব্যর্থবোধক (ডুয়াল মিনিং) শব্দ না থাকে, যা আগামীতে গণমাধ্যমের ওপর অপব্যবহারের সুযোগ তৈরি করতে পারে, সে জন্য অত্যন্ত সতর্কতার সাথে খসড়া পরিমার্জন করা হচ্ছে।
বাকস্বাধীনতার নামে অনলাইন প্ল্যাটফর্মে ছড়ানো অশালীন গালিগালাজ ও কুরুচিপূর্ণ কনটেন্ট সামাজিক মূল্যবোধ বিনষ্ট করছে উল্লেখ করে মন্ত্রী জানান, গণমাধ্যমের স্বাধীনতা রক্ষা ও সামাজিক অবক্ষয় রোধ—এই দুটি বিষয়কে কীভাবে সমন্বয় করা যায়, তা নিয়ে অংশীজনদের সাথে আলোচনা চলছে। শুধু কঠিন আইন করে অপরাধ দমন সম্ভব নয় জানিয়ে, সামাজিক সচেতনতা বৃদ্ধিতে সরকারের বিশেষ কর্মসূচির কথা উল্লেখ করেন তিনি।
কন্সালটেশন সভায় অংশ নিয়ে স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ বলেন, বিশ্বব্যাপী অনলাইন অপরাধ, ব্ল্যাকমেইলিং ও তথ্য জালিয়াতি আশঙ্কাজনকভাবে বেড়েছে। তাই প্রধানমন্ত্রী তারেক রহমানের স্পষ্ট নির্দেশনায় কোনো অপব্যবহারের সুযোগ না রেখে একটি যুগোপযোগী আইন তৈরিতে সম্পাদক ও অংশীজনদের সঙ্গে মতবিনিময় করা হচ্ছে।
সভায় বাসসের ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান সম্পাদক কাদের গনি চৌধুরী নিপীড়নমূলক পুরোনো ধারা ও জামিন অযোগ্য ধারা বাদ দেওয়ার উদ্যোগকে স্বাগত জানান। তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের সচিব মাহবুবা ফারজানার সঞ্চালনায় অনুষ্ঠানে ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি মন্ত্রী ফকির মাহবুব আনাম, আইনমন্ত্রী মো. আসাদুজ্জামান, তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী ইয়াসের খান চৌধুরী, পররাষ্ট্র প্রতিমন্ত্রী-২ শামা ওবায়েদ ইসলামসহ বিশিষ্ট সম্পাদক ও সাংবাদিক নেতারা উপস্থিত ছিলেন।