সাংবাদিকরা বস্তুনিষ্ঠ থাকলে সমাজের অনেক সমস্যা দূর হয়ে যায়: স্থানীয় সরকারমন্ত্রী

সাংবাদিকরা বস্তুনিষ্ঠ থাকলে সমাজের অনেক সমস্যাই দূর হয়ে যায় বলে মন্তব্য করেছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী ড. আবদুল মঈন খান। সাংবাদিকতাকে অত্যন্ত কঠিন একটি পেশা হিসেবে উল্লেখ করে তিনি বলেন, রাজনীতি যেমন কঠিন, ক্ষেত্রবিশেষে সাংবাদিকদের দায়িত্ব পালন রাজনীতির চেয়েও বেশি চ্যালেঞ্জিং।
বৃহস্পতিবার (১০ সেপ্টেম্বর) ঢাকা রিপোর্টার্স ইউনিটির (ডিআরইউ) ৩১তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আয়োজিত এক অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
সংবাদমাধ্যম ও সাংবাদিকদের রাষ্ট্রের ‘চতুর্থ স্তম্ভ’ হিসেবে আখ্যায়িত করে স্থানীয় সরকারমন্ত্রী বলেন, সমাজে সাংবাদিকদের গুরুত্ব অপরিসীম। নিজেদের এই সুনির্দিষ্ট ও দায়িত্বশীল অবস্থান সাংবাদিকরাই সবচেয়ে ভালো উপলব্ধি করতে পারেন।
সাংবাদিকদের পেশাগত সংগঠনের মধ্যে ডিআরইউ-এর ভূমিকার বিশেষ প্রশংসা করে ড. মঈন খান বলেন, প্রতিষ্ঠানটি নিজেদের নির্দিষ্ট সীমানার মধ্যে থেকে স্বাধীন ও পেশাদার কাজ পরিচালনা করে আসছে। দীর্ঘদিন ধরে বজায় রাখা এই নিরপেক্ষ চরিত্র ও ঐতিহ্য ভবিষ্যতেও অব্যাহত থাকলে দেশের মানুষ তাদের প্রতি আরও শ্রদ্ধা প্রদর্শন করবে।
ডিআরইউ সভাপতি আবু সালেহ আকনের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক মাইনুল হাসান সোহেলের সঞ্চালনায় অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা অ্যাডভোকেট রুহুল কবির রিজভী, তথ্য ও সম্প্রচার মন্ত্রী আন্দালিভ রহমান, তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী ইয়াসের খান চৌধুরী, সড়ক পরিবহণ ও রেলপথ মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী হাবিবুর রশিদ, যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী মো. আমিনুল হক এবং সংসদ সদস্য ড. শফিকুল ইসলাম মাসুদ।
এ ছাড়া অন্যান্যদের মধ্যে প্রধান তথ্য কর্মকর্তা সৈয়দ আবদাল আহমদ, জাতীয় প্রেস ক্লাবের সভাপতি হাসান হাফিজ, ঢাকা সাংবাদিক ইউনিয়নের (ডিইউজে) সভাপতি মো. শহিদুল ইসলাম ও বিশিষ্ট সাংবাদিক শফিক রেহমানসহ জ্যেষ্ঠ সাংবাদিক নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।