↩ নিউজ
প্রিন্ট এর তারিখঃ ১২ সেপ্টেম্বর ২০২৬, ১০:৪৯ পি.এম || প্রকাশের তারিখঃ ১১ সেপ্টেম্বর ২০২৬, ১১:৩৯ এ.এম

বিদেশের কারাগারে বন্দি ১০ হাজার ৬৬ বাংলাদেশি, তাদের ফেরাতে কূটনৈতিক প্রচেষ্টা জোরদার

✍️ প্রতিবেদক: দীপ্ত বাংলাদেশ নিউজ ডেস্ক

বিশ্বের বিভিন্ন দেশের কারাগারে বর্তমানে প্রায় ১০ হাজার ৬৬ জন বাংলাদেশি নাগরিক বন্দি রয়েছেন বলে জানিয়েছেন পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান। আটক এই নাগরিকদের দেশে ফিরিয়ে আনতে সংশ্লিষ্ট দেশগুলোর আইনি প্রক্রিয়ার প্রতি শ্রদ্ধাশীল থেকে সরকার অব্যাহতভাবে কূটনৈতিক প্রচেষ্টা চালিয়ে যাচ্ছে।

বৃহস্পতিবার (১০ সেপ্টেম্বর) জাতীয় সংসদে যশোর-৫ আসনের বিরোধী দলের সংসদ সদস্য কাজী এনামুল হকের (জামায়াতে ইসলামী) এক লিখিত প্রশ্নের জবাবে পররাষ্ট্রমন্ত্রী এই তথ্য তুলে ধরেন।

পররাষ্ট্রমন্ত্রী জানান, বিদেশে বাংলাদেশ মিশনগুলোর প্রাপ্ত তথ্যানুযায়ী বন্দিদের প্রয়োজনীয় তথ্য সংগ্রহ, আইনি পরামর্শ এবং আইনি সুরক্ষা পাওয়ার ব্যবস্থা করা হয়। কোনো বন্দির নিজস্ব আইনজীবী নিয়োগের সামর্থ্য না থাকলে আদালতের মাধ্যমে সরকারি আইনজীবী নিয়োগের উদ্যোগ নেওয়া হয়। এ ছাড়া বন্দির পরিবার চাইলে মিশনের পক্ষ থেকে প্রয়োজনীয় সকল সহযোগিতা দেওয়া হচ্ছে।

তিনি আরও জানান, বন্দির কারাদণ্ডের মেয়াদ শেষ হলে বা জরিমানা পরিশোধের প্রয়োজন হলে পরিবারের সাথে যোগাযোগের মাধ্যমে তা নিষ্পত্তির ব্যবস্থা করা হয়। পরিবার অসমর্থ হলে সরকারি খরচে বিমান টিকিটের ব্যবস্থা এবং দ্রুত ট্রাভেল পারমিট বা পাস ইস্যু করে দেশে ফিরিয়ে আনা হয়।

পররাষ্ট্র মন্ত্রণালয়, প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয় এবং ওয়েজ আর্নার্স কল্যাণ বোর্ডের যৌথ সমন্বয়ে এসব সেবা দেওয়া হচ্ছে উল্লেখ করে ড. খলিলুর রহমান বলেন, ক্ষেত্রবিশেষে স্বাগতিক দেশের নিকট সাধারণ ক্ষমার জন্যও জোরালো কূটনৈতিক তৎপরতা চালানো হয়। আটক বাংলাদেশিদের প্রত্যাবাসন প্রক্রিয়া আরও সহজ ও দ্রুত করতে খুব শিগগিরই পররাষ্ট্র মন্ত্রণালয়ের পক্ষ থেকে একটি ডেডিকেটেড পোর্টাল চালু করা হবে।