↩ নিউজ
প্রিন্ট এর তারিখঃ ১৪ সেপ্টেম্বর ২০২৬, ১১:২৭ এ.এম || প্রকাশের তারিখঃ ১২ সেপ্টেম্বর ২০২৬, ৫:৩৫ পি.এম

শেখ হাসিনাকে ‘বিশ্বসেরা অভিনেত্রী’ বললেন স্পিকার হাফিজ উদ্দিন আহমদ

✍️ প্রতিবেদক: দীপ্ত বাংলাদেশ নিউজ ডেস্ক

কার্যক্রম নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগের সভানেত্রী ও ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ‘বিশ্বসেরা অভিনেত্রী’ বলে মন্তব্য করেছেন জাতীয় সংসদের স্পিকার মেজর (অব.) হাফিজ উদ্দিন আহমদ। একই সঙ্গে শেখ হাসিনা নিজেই গুমের মূল নির্দেশদাত্রী ছিলেন বলে দাবি করেছেন তিনি।

শনিবার (১২ সেপ্টেম্বর) বেলা ১১টায় ভোলার লালমোহন উপজেলায় বিএনপি ও তার অঙ্গ-সহযোগী সংগঠনের নেতাকর্মীদের সঙ্গে আয়োজিত এক মতবিনিময় সভায় স্পিকার এসব কথা বলেন।

স্পিকার হাফিজ উদ্দিন বলেন, গুম হওয়া ব্যক্তিদের স্বজনদের গণভবনে ডেকে নিয়ে তাদের মাথায় হাত বুলিয়ে সান্ত্বনা দেওয়ার যে নাটক শেখ হাসিনা করেছিলেন, তা ছিল স্রেফ অভিনয়। স্বজনেরা কোথায় আছেন তা জানা সত্ত্বেও তিনি তাদের ফিরিয়ে দেওয়ার মিথ্যা আশ্বাস দিতেন। আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের সাক্ষ্য-প্রমাণের মাধ্যমে আজ জনগণের কাছে শেখ হাসিনার আসল রূপ উন্মোচিত হয়েছে।

বিগত আমলের অন্যায়ের চিত্র তুলে ধরে ভোলা-৩ আসনের এই সংসদ সদস্য বলেন, এক ব্যারিস্টারকে দীর্ঘ আট বছর হাতকড়া পরিয়ে ‘আয়নাঘরে’ বন্দি করে রাখা হয়েছিল। তিনি শেখ হাসিনার পতনের পর মুক্ত হয়ে আজ জাতীয় সংসদ সদস্য হিসেবে দায়িত্ব পালন করছেন।

সাবেক সরকারের দুর্নীতি ও অর্থ পাচারের সমালোচনা করে স্পিকার বলেন, রূপপুর পারমাণবিক বিদ্যুৎ প্রকল্পে একটি বালিশের দাম ৬০ হাজার টাকা এবং একটি পর্দার দাম ৪২ হাজার টাকা ধরা হয়েছিল। একই সঙ্গে তৎকালীন এক ভূমি প্রতিমন্ত্রীর লন্ডনে ৩৬০টি বাড়ি থাকার বিষয় উল্লেখ করে তিনি বলেন, ধারাবাহিক উন্নয়নের নামে প্রকল্পের টাকা আত্মসাৎ করা হয়েছে।

লালমোহনের স্থানীয় রাজনীতির প্রসঙ্গ টেনে স্পিকার আরও বলেন, এখানকার বিগত সরকারের সাবেক সংসদ সদস্য ছিলেন একজন শীর্ষ সন্ত্রাসী ও খুনি। ২০১০ সালের উপ-নির্বাচনে ঢাকা থেকে সন্ত্রাসী এনে রামদা দিয়ে তাঁর দলীয় নেতাকর্মীদের ওপর হামলা ও বাড়িঘর ভাঙচুর চালানো হয়েছিল।