গণতন্ত্রকে শক্তিশালী করতে স্থানীয় সরকারকে শক্তিশালী করার তাগিদ রাষ্ট্রপতির

গণতন্ত্রকে শক্তিশালী ও প্রাতিষ্ঠানিক রূপ দিতে হলে স্থানীয় সরকারব্যবস্থাকে শক্তিশালী করার কোনো বিকল্প নেই বলে জানিয়েছেন রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
রোববার (১৩ সেপ্টেম্বর) দুপুরে বঙ্গভবনে দেশের ৩৩টি জেলা পরিষদের প্রশাসক রাষ্ট্রপতির সঙ্গে এক সৌজন্য সাক্ষাতে মিলিত হলে তিনি এসব কথা বলেন।
সাক্ষাৎকালে স্থানীয় সরকারকে গণতন্ত্রের সবচেয়ে বড় শক্তি হিসেবে উল্লেখ করেন রাষ্ট্রপতি। এ সময় জেলা পরিষদের প্রশাসকদের উদ্দেশ্যে দিকনির্দেশনা দিয়ে তিনি বলেন, ফ্যাসিস্ট আমলের রেখে যাওয়া দুর্নীতি থেকে বেরিয়ে আসার জন্য সবাইকে সক্রিয় এবং সজাগ থেকে দায়িত্ব পালন করতে হবে।
বৈঠকে জেলা পরিষদের প্রশাসকরা তাঁদের পদমর্যাদা বৃদ্ধিসহ বেশ কিছু যৌক্তিক দাবি রাষ্ট্রপতির সামনে তুলে ধরেন। তাদের বক্তব্য শুনে রাষ্ট্রপতি আশ্বস্ত করে জানান, বর্তমান সরকার জনগণের সরকার; তাই প্রশাসকদের তুলে ধরা সমস্যাগুলোর সমাধানে দ্রুত কার্যকর পদক্ষেপ নেওয়া হবে।
ক্ষমতা বিকেন্দ্রীকরণ ও স্থানীয় পর্যায়ে প্রশাসনিক স্বচ্ছতা নিশ্চিত করতে সরকার অত্যন্ত গুরুত্বের সাথে কাজ করছে উল্লেখ করে রাষ্ট্রপতি ফখরুল ইসলাম আলমগীর বিগত দিনে গণতন্ত্র পুনরুদ্ধার এবং ফ্যাসিবাদের বিরুদ্ধে দীর্ঘ আন্দোলনে জেলা পরিষদের প্রশাসকদের সক্রিয় অংশগ্রহণের কথা কৃতজ্ঞতার সাথে স্মরণ করেন।
পাশাপাশি, প্রতিটি জেলা পরিষদের উন্নয়নমূলক কর্মকাণ্ডে গতিশীলতা আনা, স্থানীয় জনগণের দোরগোড়ায় নাগরিকসেবা নিশ্চিত করা এবং প্রশাসনিক স্বচ্ছতা বজায় রেখে দায়িত্ব পালনে প্রশাসকদের প্রয়োজনীয় পরামর্শ ও দিকনির্দেশনা প্রদান করেন রাষ্ট্রপতি।