↩ নিউজ
প্রিন্ট এর তারিখঃ ১৪ সেপ্টেম্বর ২০২৬, ১০:৩৬ এ.এম || প্রকাশের তারিখঃ ১৩ সেপ্টেম্বর ২০২৬, ৭:১১ পি.এম

আইনশৃঙ্খলা রক্ষা ও উন্নয়নের বাধা দূর করতে সমন্বিত উদ্যোগের তাগিদ প্রতিমন্ত্রী টুকুর

✍️ প্রতিবেদক: দীপ্ত বাংলাদেশ নিউজ ডেস্ক

দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা এবং সার্বিক উন্নয়ন কর্মকাণ্ডকে বেগবান করতে জেলা প্রশাসন, পুলিশ প্রশাসন ও জনপ্রতিনিধিদের মধ্যে কার্যকর সমন্বয়ের তাগিদ দিয়েছেন মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু। একই সঙ্গে উন্নয়ন কাজের ক্ষেত্রে যেকোনো প্রতিবন্ধকতা চিহ্নিত করে দ্রুত তা সমাধানের আহ্বান জানিয়েছেন তিনি।

রোববার (১৩ সেপ্টেম্বর) ঢাকা জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে ঢাকা জেলার সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি ও অন্যান্য উন্নয়ন কার্যক্রম পর্যালোচনায় সংসদ সদস্য এবং প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তাদের সঙ্গে আয়োজিত এক মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

প্রতিমন্ত্রী সালাউদ্দিন টুকু বলেন, নিরাপদ ও স্থিতিশীল সমাজ গঠনে আইনশৃঙ্খলা বজায় রাখা কেবল প্রশাসনের একার দায়িত্ব নয়। এর জন্য রাজনৈতিক নেতৃত্ব, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী এবং সাধারণ জনগণের সম্মিলিত সচেতনতা ও অংশগ্রহণ জরুরি। বিশেষ করে রাজধানী ও এর আশপাশের অপরাধপ্রবণ এলাকাগুলোতে টহল ও গোয়েন্দা নজরদারি বাড়ানোর ওপর জোর দেন তিনি।

সমাজ ও তরুণদের জন্য মাদককে বড় হুমকি উল্লেখ করে প্রতিমন্ত্রী বলেন, মাদকের বিস্তার রোধে সামাজিক সংগঠন, জনপ্রতিনিধি এবং প্রশাসনকে আরও কঠোর ও সক্রিয় ভূমিকা রাখতে হবে। পাশাপাশি আবাসিক হোটেল ও গেস্টহাউজগুলোতে অসামাজিক কর্মকাণ্ড বন্ধে নিয়মিত তদারকি বাড়ানোর নির্দেশ দেন তিনি।

দেশের অর্থনৈতিক ও রাজনৈতিক পটভূমি তুলে ধরে প্রতিমন্ত্রী বলেন, জনগণের ভোটে নির্বাচিত বর্তমান সরকার প্রধানমন্ত্রীর নেতৃত্বে দেশকে স্বাভাবিক ধারায় ফিরিয়ে আনতে আন্তরিকভাবে কাজ করছে। অতীতের ভুল শাসন ও অর্থ পাচারের কারণে তৈরি হওয়া সংকট কাটিয়ে উঠতে সবাইকে দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে।

সভায় আগামী মাসগুলোতে ডেঙ্গুর ঝুঁকি বাড়ার আশঙ্কার কথা জানিয়ে তিনি মশার প্রজননস্থল ধ্বংস ও পরিচ্ছন্নতা অভিযানে সকলকে একযোগে কাজ করার আহ্বান জানান। এ ছাড়া সরকারি কর্মকর্তাদের উদ্দেশ্যে তিনি স্পষ্ট করেন যে, প্রশাসনিক প্রতিটি কার্যক্রম ব্যক্তি বা গোষ্ঠীর স্বার্থের ঊর্ধ্বে উঠে রাষ্ট্রের কল্যাণেই পরিচালিত হতে হবে।

ঢাকার জেলা প্রশাসক ফরিদা খানমের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী ইশরাক হোসেন। সভায় অন্যান্যের মধ্যে জাতীয় সংসদের বিরোধীদলীয় চিফ হুইপ নাহিদ ইসলাম এমপি, ঢাকা-১২ আসনের সংসদ সদস্য সাইফুল আলম খান মিলন, সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য ফেরদৌসী আহমেদ, পুলিশ সুপার শামীমা পারভীনসহ আইনশৃঙ্খলা বাহিনী ও জেলা প্রশাসনের বিভিন্ন কর্মকর্তা উপস্থিত ছিলেন।