↩ নিউজ
প্রিন্ট এর তারিখঃ ১৭ সেপ্টেম্বর ২০২৬, ৫:১১ পি.এম || প্রকাশের তারিখঃ ১৫ সেপ্টেম্বর ২০২৬, ১:৪৯ পি.এম

হাটহাজারীতে শহীদ সেনাসদস্যের পরিবারকে প্রধানমন্ত্রীর সাক্ষাৎ ও অনুদান হস্তান্তর

✍️ প্রতিবেদক: দীপ্ত বাংলাদেশ নিউজ ডেস্ক

চট্টগ্রামের হাটহাজারী ফিল্ড ফায়ারিং রেঞ্জে দায়িত্ব পালনকালে গোলা বিস্ফোরণে শহীদ হওয়া দুই সেনাসদস্যের পরিবারের সদস্যদের সঙ্গে সাক্ষাৎ করেছেন প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান। সাক্ষাৎকালে শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানানোর পাশাপাশি তাদের হাতে আর্থিক সহায়তার আনুষ্ঠানিক চেক তুলে দেন প্রধানমন্ত্রী।

মঙ্গলবার (১৫ সেপ্টেম্বর) সকালে তেজগাঁওয়ে প্রধানমন্ত্রীর কার্যালয়ে এই সাক্ষাৎ অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে প্রধানমন্ত্রীর সহধর্মিণী ডা. জুবাইদা রহমান, সেনাবাহিনী প্রধান জেনারেল ওয়াকার-উজ-জামানসহ সামরিক বাহিনীর ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

সাক্ষাৎকালে দেশের সার্বভৌমত্ব ও নিরাপত্তা রক্ষায় সেনাসদস্যদের ভূমিকা স্মরণ করে প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান বলেন, অর্পিত দায়িত্ব পালন করতে গিয়ে সেনাসদস্যদের এই বীরত্বপূর্ণ আত্মত্যাগ জাতি সর্বদা গভীর শ্রদ্ধার সঙ্গে স্মরণ করবে। শোকের এই মুহূর্তে সরকার ও বাংলাদেশ সেনাবাহিনী শহীদ পরিবারগুলোর পাশে রয়েছে এবং ভবিষ্যতে সার্বিক দেখভালের দায়িত্ব পালন অব্যাহত রাখবে।

এদিকে সেনাবাহিনীর পক্ষ থেকে জানানো হয়, শহীদদের পরিবারের স্থায়ী ঠিকানায় একটি করে নিজস্ব বাড়ি নির্মাণ করে দেওয়া হবে। পাশাপাশি শহীদ সেনাসদস্যদের স্ত্রীদের উপযুক্ত চাকরির ব্যবস্থা এবং সন্তানদের জন্য নিয়মিত মাসিক ভাতার ব্যবস্থা নিশ্চিত করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

উল্লেখ্য, গত ৯ সেপ্টেম্বর হাটহাজারী ফিল্ড ফায়ারিং রেঞ্জে প্রশিক্ষণমূলক ট্যাংক ফায়ারিংয়ের সময় আকস্মিক গোলা বিস্ফোরণে সৈনিক (অপারেটর) আবু বকর সিদ্দিক এবং সৈনিক (গানার) মো. তাসনিম রিফায়াত শহীদ হন।

প্রধানমন্ত্রীর কার্যালয়ে সাক্ষাৎ অনুষ্ঠানে সৈনিক আবু বকর সিদ্দিকের পক্ষে তাঁর স্ত্রী সুরাইয়া আক্তার জুতি, শিশুকন্যা ফাতেমা সিদ্দিকা, বাবা আব্দুল ওহাব ও মা পারভীন আক্তার এবং সৈনিক মো. তাসনিম রিফায়াতের পক্ষে তাঁর স্ত্রী মোসা. ফাহমিদা আফরিন, শিশুকন্যা রাফসা তাসনিম ইফরা ও বাবা মো. আসাদুল হক উপস্থিত ছিলেন।