↩ নিউজ
প্রিন্ট এর তারিখঃ ১৭ সেপ্টেম্বর ২০২৬, ৩:০২ পি.এম || প্রকাশের তারিখঃ ১৫ সেপ্টেম্বর ২০২৬, ৯:২৪ পি.এম

আন্দোলনে শহীদ ও আহতদের পরিবারের পাশে দাঁড়ানো নৈতিক দায়িত্ব: সমাজকল্যাণ মন্ত্রী

✍️ প্রতিবেদক: দীপ্ত বাংলাদেশ নিউজ ডেস্ক

১৯৭১ সালের মহান মুক্তিযুদ্ধ থেকে শুরু করে এ যাবৎকালের সকল গণতান্ত্রিক আন্দোলনে শহীদ ও আহতদের পরিবারের পাশে দাঁড়ানো সবার নৈতিক দায়িত্ব বলে জানিয়েছেন সমাজকল্যাণ মন্ত্রী অধ্যাপক ডা. এজেডএম জাহিদ হোসেন। তিনি শহীদদের মহান আত্মত্যাগ ও মূল্যবোধকে ধারণ করে সমৃদ্ধ দেশ গঠনে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান।

মঙ্গলবার (১৫ সেপ্টেম্বর) বিকেলে রাজধানীর শেরেবাংলা নগরে শহীদ ফারহান ফাইয়াজ খেলার মাঠে শহীদ ফারহান ফাইয়াজের ১৯তম জন্মবার্ষিকী উপলক্ষ্যে আয়োজিত দোয়া ও প্রীতি ফুটবল ম্যাচ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

সমাজকল্যাণ মন্ত্রী বলেন, গত ১৫ বছর ধরে জনগণের নিরন্তর ও আপসহীন সংগ্রামের মধ্য দিয়েই আজকের মুক্ত ও গণতান্ত্রিক বাংলাদেশ অর্জিত হয়েছে। বর্তমান সরকার একটি বৈষম্যহীন, মানবিক ও অন্তর্ভুক্তিমূলক দেশ বিনির্মাণে কাজ করে যাচ্ছে— যেখানে নাগরিকের মর্যাদা, ন্যায়বিচার এবং সুশাসন সুনিশ্চিত থাকবে।

অনুষ্ঠানে শহীদ ফারহান ফাইয়াজের স্মৃতিচারণ করতে গিয়ে তাঁর পিতা শহিদুল ইসলাম ভূঁইয়া ও মা ফারহানা দিবা আবেগাপ্লুত হয়ে পড়েন। এ সময় এক হৃদয়স্পর্শী ও নিস্তব্ধ পরিবেশের সৃষ্টি হয়। পরবর্তীতে শহীদ ফারহান ফাইয়াজের আত্মার মাগফিরাত কামনা করে বিশেষ দোয়া অনুষ্ঠিত হয় এবং তাঁর জন্মদিন উপলক্ষ্যে কেক কেটে এতিম শিশুদের মাঝে বিতরণ করা হয়।

অনুষ্ঠানের অংশ হিসেবে ঢাকা রেসিডেনসিয়াল মডেল কলেজের শিক্ষার্থীদের অংশগ্রহণে ‘লাল’ ও ‘সবুজ’ দলের মধ্যে একটি প্রীতি ফুটবল ম্যাচ অনুষ্ঠিত হয়। খেলা শেষে বিজয়ী লাল দলের খেলোয়াড়দের হাতে ট্রফি তুলে দেন মন্ত্রী ও শহীদ ফাইয়াজের বাবা-মা।

জাতীয় প্রতিবন্ধী উন্নয়ন ফাউন্ডেশনের ব্যবস্থাপনা পরিচালক মো. তরিকুল আলমের সভাপতিত্বে অনুষ্ঠানে শহীদ ফারহান ফাইয়াজের পরিবারের সদস্যরা, ঢাকা রেসিডেনসিয়াল মডেল কলেজের শিক্ষক-শিক্ষার্থী এবং সংশ্লিষ্ট মন্ত্রণালয়ের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, ২০২৪ সালের ১৮ জুলাই বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন চলাকালে ধানমন্ডিতে শিক্ষার্থীদের ওপর হামলায় গুলিবিদ্ধ হয়ে শহীদ হন ঢাকা রেসিডেনসিয়াল মডেল কলেজের বিজ্ঞান বিভাগের একাদশ শ্রেণির শিক্ষার্থী ফারহান ফাইয়াজ। ২০০৭ সালের ১২ সেপ্টেম্বর জন্ম নেওয়া ১৭ বছর বয়সি এই তরুণ তাঁর আত্মত্যাগের মাধ্যমে নতুন প্রজন্মের কাছে এক চিরস্মরণীয় প্রেরণার প্রতীক হয়ে আছেন।