↩ নিউজ
প্রিন্ট এর তারিখঃ ১৭ সেপ্টেম্বর ২০২৬, ১১:২২ এ.এম || প্রকাশের তারিখঃ ১৬ সেপ্টেম্বর ২০২৬, ৫:৪০ পি.এম

প্রধানমন্ত্রীর দূরদর্শী নেতৃত্বে দেশ সফলভাবে পরিচালিত হচ্ছে: মাহদী আমিন

✍️ প্রতিবেদক: দীপ্ত বাংলাদেশ নিউজ ডেস্ক

প্রধানমন্ত্রীর দূরদর্শী নেতৃত্বে দেশ সফলভাবে পরিচালিত হচ্ছে এবং বিভিন্ন খাতের সুনির্দিষ্ট উদ্যোগের মাধ্যমে সরকার গতিশীলতা ফিরিয়ে এনেছে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রীর উপদেষ্টা ও তাঁর কার্যালয়ের মুখপাত্র মাহদী আমিন। তিনি জানান, দীর্ঘদিনের পুঞ্জীভূত সংকট সামলে একটি সমৃদ্ধ, স্বনির্ভর ও নিরাপদ বাংলাদেশ গঠনে সার্বিক কর্মপরিকল্পনা বাস্তবায়ন করা হচ্ছে।

বুধবার (১৬ সেপ্টেম্বর) এক সংবাদ সম্মেলনে সরকারের গত এক মাসের মূল কার্যক্রম ও গৃহীত পদক্ষেপসমূহ গণমাধ্যমের সামনে বিস্তারিতভাবে উপস্থাপনকালে এসব কথা বলেন তিনি।

সংবাদ সম্মেলনে উপদেষ্টা জানান, তরুণদের ক্ষমতায়নে বাংলাদেশ ব্যাংকের অধীনে ৫০ কোটি টাকার একটি বিশেষ ঋণ তহবিল গঠন করা হয়েছে, যেখান থেকে প্রতি বছর ৫ হাজার তরুণ উদ্যোক্তাকে প্রারম্ভিক মূলধন দেওয়া হবে। এর পাশাপাশি জামানতহীন সুদমুক্ত ‘ই-লোন’, অনলাইন স্টার্টআপ তহবিল এবং ষষ্ঠ শ্রেণি থেকেই কারিগরি শিক্ষা অন্তর্ভুক্তকরণের কাজ দ্রুত এগিয়ে চলছে।

প্রশাসনিক ও জনকল্যাণমূলক কাজের ধারাবাহিকতায় সরকারি কর্মচারীদের জন্য ‘জাতীয় পে স্কেল ২০২৬’ অনুমোদন, অবসরপ্রাপ্তদের পেনশন বৃদ্ধি এবং ফ্যামিলি ও কৃষক কার্ডের পরিধি বাড়ানো হয়েছে। তা ছাড়া স্বাস্থ্যসেবা দোরগোড়ায় পৌঁছে দিতে আটটি বিভাগীয় শহরে ১৫ তলাবিশিষ্ট বিশেষায়িত হাসপাতাল নির্মাণ এবং উপজেলা পর্যায়ে সাশ্রয়ী ডায়ালিসিস কেন্দ্র চালুর সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

অন্যদিক জ্বালানি ও অবকাঠামোগত সংকট নিরসনে ১৫০টি নতুন গ্যাসকূপ খননের উদ্যোগ এবং জাতীয় গ্রিডে নতুন করে ১,০৪৬ মেগাওয়াট বিদ্যুৎ যুক্ত করার তথ্য জানান মাহদী আমিন। একই সঙ্গে ঢাকা-চট্টগ্রাম রুটে বৈদ্যুতিক ট্রেন চালুর সমীক্ষা সম্পন্ন এবং মহাসড়কে ক্যাশলেস টোল চালু করার পরিকল্পনা রয়েছে।

সুশাসন সুসংহত করতে দেশের ৬৪ জেলার থানাকে ‘জিরো কমপ্লেইন্ট’ সেবাকেন্দ্রে রূপান্তর এবং মাদক মামলার দ্রুত নিষ্পত্তিতে ২২টি বিশেষ ট্রাইব্যুনাল গঠনের সিদ্ধান্ত গৃহীত হয়েছে। পরিশেষে, জাতীয় স্বার্থে সব বিভাজনের ঊর্ধ্বে উঠে দেশকে পুনর্গঠনে সকলকে একযোগে কাজ করার আহ্বান জানান তিনি।