লালমনিরহাটের শহীদ জুবায়েরের অসুস্থ বোনের চিকিৎসার খোঁজ নিলেন প্রধানমন্ত্রী

চব্বিশের গণঅভ্যুত্থানে লালমনিরহাটে শহীদ জুবায়ের হোসেনের বোন জেসমিন আকতারের চিকিৎসা-পরবর্তী শারীরিক অবস্থার খোঁজ নিয়েছেন বিএনপি চেয়ারম্যান ও ‘আমরা বিএনপি পরিবার’-এর প্রধান পৃষ্ঠপোষক প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান।
প্রধানমন্ত্রীর পক্ষ থেকে তাঁর সহমর্মিতার বার্তা নিয়ে ‘আমরা বিএনপি পরিবার’-এর সদস্য সচিব কৃষিবিদ মোকছেদুল মোমিন মিথুন রাজধানীর ন্যাশনাল ইনস্টিটিউট অব নিউরোসায়েন্সেস ও হাসপাতালে যান। তিনি চিকিৎসকদের কাছ থেকে ব্রেইন টিউমারে আক্রান্ত জেসমিনের অপারেশন-পরবর্তী শারীরিক অবস্থা ও সার্বিক চিকিৎসার তথ্য সংগ্রহ করেন। চিকিৎসকরা জানিয়েছেন, বর্তমানে তাঁর শারীরিক অবস্থার উন্নতি হচ্ছে।
হাসপাতালে খোঁজখবর নেওয়ার সময় নিউরো অ্যানেসথেশিয়া বিভাগের প্রধান অধ্যাপক ডা. এ জেড এম সাইফুদ্দিন বাবু, ড্যাবের আইনবিষয়ক সম্পাদক ডা. এম আর হাসান, জুলাই শহীদ সোসাইটির চেয়ারম্যান ও শহীদ নাফিজের পিতা গোলাম রহমান উপস্থিত ছিলেন। এ ছাড়া ছাত্রদল কেন্দ্রীয় সংসদের যুগ্ম সাধারণ সম্পাদক জাহিদ শাকিল, ছাত্রদল নেতা মশিউর রহমান মহান এবং শেকৃবি ছাত্রদল নেতা মোরসালিন অনিকসহ অন্য নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
উল্লেখ্য, গত ৫ আগস্ট চব্বিশের গণঅভ্যুত্থান চলাকালে লালমনিরহাটে শহীদ হন জুবায়ের হোসেন। তাঁর একমাত্র বোন জেসমিন আকতার দ্বাদশ শ্রেণির শিক্ষার্থী এবং তিনি দীর্ঘদিন ধরে ব্রেইন টিউমারে আক্রান্ত হয়ে চিকিৎসাধীন রয়েছেন।