↩ নিউজ
প্রিন্ট এর তারিখঃ ১২ আগস্ট ২০২৬, ৯:৩২ পি.এম || প্রকাশের তারিখঃ ৯ মে ২০২৫, ১২:০১ পি.এম

রাজবাড়ীতে অগ্নিকাণ্ডে পুড়ে গেছে ইউনিয়ন ডিজিটাল সেন্টার, রহস্য ঘনীভূত

রাজবাড়ীর সদর উপজেলার খানগঞ্জ ইউনিয়ন পরিষদে ভয়াবহ অগ্নিকাণ্ডে সম্পূর্ণভাবে পুড়ে গেছে ইউনিয়ন ডিজিটাল সেন্টার (ইউডিসি)। শুক্রবার (৯ মে) ভোরে এই অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে, যা ঘিরে স্থানীয়ভাবে রহস্য ও উদ্বেগের সৃষ্টি হয়েছে।

ডিজিটাল সেন্টারের পরিচালক কাজী আবু শাহিন জানান, ভোর ৫টা ৮ মিনিটে স্থানীয় এক বাসিন্দা তাঁকে আগুন লাগার খবর দেন। সঙ্গে সঙ্গে তিনি রাজবাড়ী ফায়ার সার্ভিসে যোগাযোগ করেন এবং ঘটনাস্থলে ছুটে যান। সেখানে গিয়ে দেখেন, সেন্টারে আগুন ভয়াবহভাবে জ্বলছে।

আগুনে একটি ল্যাপটপ, ডেস্কটপ কম্পিউটার, ফটোকপি মেশিন, প্রিন্টার, রাউটার, গুরুত্বপূর্ণ ফাইলপত্র, আসবাবপত্র এবং বিটিসিএলের ব্রডব্যান্ড ডিভাইসসহ আনুমানিক দুই লাখ টাকার ক্ষতি হয়েছে। বিশেষ করে কক্ষের সামনের ও পেছনের দুটি জানালা খোলা থাকায় এটি স্বাভাবিক দুর্ঘটনা, নাকি পরিকল্পিত ঘটনা—সেই প্রশ্নও উঠেছে।

রাজবাড়ী ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার মো. সনাজ মিয়া জানান, খবর পেয়ে তারা ভোর ৫টা ৩৪ মিনিটে ঘটনাস্থলে পৌঁছে পাঁচ মিনিটের মধ্যে আগুন নিয়ন্ত্রণে আনেন। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, আগুনের সূত্রপাত হয়েছে বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে। তবে তদন্তের পর বিস্তারিত জানা যাবে।

উল্লেখযোগ্যভাবে, খানগঞ্জ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান শরিফুর রহমান সোহান ১৩ মার্চ থেকে অফিস করছেন না। তার অপসারণের দাবিতে স্থানীয় এক পক্ষ আন্দোলন চালিয়ে আসছে। এই প্রেক্ষাপটে অগ্নিকাণ্ডকে কেন্দ্র করে নতুন করে রাজনৈতিক ও প্রশাসনিক উত্তেজনা সৃষ্টি হয়েছে।