↩ নিউজ
প্রিন্ট এর তারিখঃ ১১ ফেব্রুয়ারি ২০২৬, ১:১২ পি.এম || প্রকাশের তারিখঃ ১০ মে ২০২৫, ১০:৪১ এ.এম

মোহাম্মদপুরে থেমে নেই মাদক কারবারিদের দৌরাত্ম্য, বিশেষ চেম্বার থেকে উদ্ধার গাঁজা-ইয়াবা-গুলির মজুত

✍️ প্রতিবেদক: দীপ্ত বাংলাদেশ নিউজ ডেস্ক

রাজধানীর মোহাম্মদপুরে ডাকাত, ছিনতাইকারী ও সন্ত্রাসীদের পাশাপাশি মাদক কারবারিরাও তাদের দৌরাত্ম্য অব্যাহত রেখেছে। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর নজর এড়াতে তারা ব্যবহার করছে অভিনব কৌশল।

গত শুক্রবার বসিলা সিটি হাউজিং এলাকায় নিয়মিত অভিযানে গিয়ে একটি বাসায় বিশেষ কাঠের চেম্বারের সন্ধান পায় র‌্যাব। টেবিলের নিচে কাঠ দিয়ে তৈরি ওই চেম্বারে হাতুড়ি দিয়ে ভাঙতেই বেরিয়ে আসে গাঁজার থরে থরে সাজানো প্যাকেট। বাসায় আরও পাওয়া যায় ইয়াবা, গুলি, দেশি-বিদেশি মুদ্রা এবং জাল টাকা।

অভিযানে তিন মাদক কারবারিকে গ্রেফতার করা হয়। তাদের মধ্যে মো. সাগর ছিলেন মূলহোতা, যিনি গাড়িচালক সেজে দীর্ঘদিন ধরে মাদক ও গুলির ব্যবসা চালিয়ে আসছিলেন। বাকি দুই সহযোগী আসিফ ও হেলাল তার সঙ্গে মাদক সরবরাহের কাজে যুক্ত ছিলেন।

র‌্যাব-২ এর অধিনায়ক খালিদুল হক হাওলাদার জানান, মোহাম্মদপুর ও আদাবর এলাকায় তিন-চার মাস আগেও ২০টির বেশি কিশোর গ্যাং সক্রিয় ছিল, যেগুলোর বেশিরভাগই নিয়ন্ত্রণে আনা হয়েছে। মাদক, চাঁদাবাজি ও অস্ত্রবাজি প্রতিরোধে গোয়েন্দা নজরদারি অব্যাহত রয়েছে। গত আট মাসে র‌্যাব একাই গ্রেফতার করেছে ৫০০-এর বেশি মাদক কারবারি।

তিনি এলাকাবাসীকে আহ্বান জানিয়েছেন, অপরাধীদের বিষয়ে তথ্য দিয়ে র‌্যাবকে সহযোগিতা করতে যেন মোহাম্মদপুরকে একটি নিরাপদ, অপরাধমুক্ত এলাকা হিসেবে গড়ে তোলা যায়।